ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সিলেট, সাভার ও টাঙ্গাইলে শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন।
আমাদের সিলেট প্রতিনিধি জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাজপুর থেকে সিলেটগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে ঘটনাস্থলে একজন নিহত হন। তার নাম আহাদ নুর (৫৫)। বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
বালাগঞ্জ উপজেলার ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ভুঁইয়া সাংবাদিকদের জানান, সিলেটগামী এ পিকআপ ভ্যানে প্রায় ৩০ জন যাত্রী ছিল। তাদের সবাই নির্মাণ শ্রমিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি আরও জানান, দুপুরে অপর এক দুর্ঘটনায় ওসমানী নগরের তাজপুর বাজারের কদমতলী এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় দরছ উল্লাহ (৫০) নামে এক রিকশাযাত্রী মারা গেছেন। তিনি ছিলেন কদমতলী জামে মসজিদের মোতোয়াল্লী। তার বাড়ি তাজপুর ইউনিয়নের পালপাড়া গ্রামে।
আমাদের সাভার প্রতিনিধি জানান, ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডের কাছে শুক্রবার দুপুরে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত ও কমপক্ষে ১৫জন আহত হন।
নিহতদের একজনের নাম আবুল কাশেম (৩০)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, গাজীপুর থেকে ৩০/৩৫ জন যাত্রী নিয়ে একটি রিজার্ভ বাস চৌগাছায় যাওয়ার পথে বেলা ১২টার দিকে কালামপুর বাসস্ট্যান্ডের কাছে আরেকটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হন।
আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানান, সকাল ১১টায় টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে কালিহাতীর পৌলিতে দুটি ট্যাক্সি ও একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ট্যাক্সি যাত্রী সখিনা সুলতানা (২৮) নিহত ও অপর ২৫ জন আহত হন।
নিহতের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান, বাস ও ট্যাক্সি দুটির ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত ও ২৫ জন আহত হন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মির্জাপুর থানার দায়িত্বরত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সকাল সাড়ে ৯টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের বৈরুয়ায় ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি ট্রাক রাস্তার ডিভাইডারের ওপর উঠে গেলে সড়কে ছিটকে পড়ে এক ট্রাক যাত্রী নিহত হন। তার পরিচয় পওয়া যায়নি।
তিনি আরও বলেন, একই স্থানে ভোরে একটি মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাসের এক আরোহী ঘটনাস্থলে নিহত হন। তার পরিচয়ও পাওয়া যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/ডিডি/এসএনডি/ এমএসবি/২১৪৬ ঘ.
bdnews24