লালমনিরহাট, অক্টোবর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আদিতমারী উপজেলার চণ্ডিমারী এলাকায় বৃহস্পতিবার রাতে র্যাবের 'ক্রসফায়ারে' আলেক পাটোয়ারী (৩২) নামে একজন নিহত হয়েছেন।
আদিতমারী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক আবুল কালাম জানান, বৃহস্পতিবার রাতে রংপুর র্যাব- ৫ এর একটি দল চণ্ডিমারী এলাকায় একটি ফেন্সিডিলের চালান ধরতে গেলে চোরাচালানিদের সঙ্গে গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলে আলেক পাটোয়ারী মারা যান এবং আব্দুল গণি ও আব্দুল হক নামের দুই ভাই আহত হন। এ সময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। র্যাব আলেকের পাশে পড়ে থাকা একটি পিস্তল উদ্ধার করেছে।
আহত আবদুল গণি ও আব্দুল হক পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছেন।
তিনি আরও বলেন, র্যাবের উপ-পরিদর্শক নুর হোসেন বাদী হয়ে আদিতমারী থানায় শূক্রবার আলেক পাটোয়ারীর মৃত্যু, অস্ত্র উদ্ধার ও ফেন্সিডিল পাচার সংক্রান্ত তিনটি মামলা করেছেন। এই তিন মামলায় আব্দুল গণি ও আব্দুল হকসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/১৯৪৫ ঘ.
bdnews24