২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে ঢাকাতেই থাকছেন নিম্ন আয়ের বেশিরভাগ মানুষ

স্ত্রী ও ছেলে-মেয়েদের ঈদে কাপড় কেনার প্রসঙ্গ তুলতেই ক্ষেপে গেলেন চার ছেলে-মেয়ের জনক নিজাম। বলেন, "খাওনই জোটে না, আর কাপড় কিইন্যা দেবো কী দিয়া। আগে মেটালিকের কাজ করতাম, কিন্তু এহন সেই কাজও পাই না।" ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে চারদিকে। কিন্তু রাজধানীর নিু আয়ের মানুষরা ঈদের আনন্দ থেকে অনেকটাই বঞ্চিত। আড়ালে পড়ে থাকা সেই মানুষদের হাল-হকিকত জানাচ্ছেন আবু নোমান সজীব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2007, 11:34 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

আবু নোমান সজীব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বেশিরভাগ নিম্ন আয়ের মানুষ এবার ঢাকাতেই ঈদ উদযাপন করবেন। দূরপাল্লার যানবাহনে বেশি ভাড়া এবং অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি, বস্তি উচ্ছেদ এবং আর্থিক টানাপোড়েন তাদের বাড়ি যাওয়ার সঙ্গতিতে বাদ সেধেছে। মহাখালীর উচ্ছেদ করা সাততলা বস্তির বাসিন্দা বগুড়া সদর থানার সামবাড়িয়া গ্রামের রিক্সাচালক আলমগীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগে সাততলা বস্তিতেই থাকতাম। ঘর ভাইঙ্গা দেওয়ার পর পোড়া বস্তিতে এক হাজার টাকা ভাড়ায় একটা ঘর ভাড়া নিয়া তিন জনে মিল্ল্যা থাকতাছি। ঈদে বাড়ি যাওয়ার ইচ্ছা আছিলো। কিন্তু টাকা জোগাড় করতে না পারায় আর যাওয়া হইলো না। আর ঈদের পরদিন থিক্যা রিক্সার মালিক সাত দিনের জমা মওকুফ কইরা দিছে। এই সুযোগে দুইডা টাকা আয় কইরা তারপর বাড়ি যামু।" আলমগীর জানান, তার স্ত্রী ও দুই ছেলে-মেয়ে দেশের বাড়িতে থাকে। তাদের জন্য এক হাজার টাকা পাঠালেও ওই টাকায় শুধু দুই ছেলে-মেয়ের জামাকাপড় কেনা সম্ভব হয়েছে। স্ত্রী বা তার জন্য কোনোকিছুই কেনা হয়নি। ঈদের কয়েকদিন রিক্সা চালিয়ে কিছু টাকা জমিয়ে স্ত্রীর জন্য কাপড় কিনে তারপর বাড়ি যাবেন তিনি। রাজধানীর পরিছন্নতা কর্মী বরগুনার পাথরঘাটা থানার বেতমোড় গ্রামের আব্দুল কাদের বলেন, "বস্তি ভাইঙ্গা দেওয়ার পর বাড্ডায় ১৬শ' টাকা ভাড়ায় একটা ঘর ভাড়া লইছি। সব ঈদ দেশের বাড়িতে করলেও এইবার ঘর ভাঙ্গা পড়ায় বিপদে পড়ছি। তাই আর বাড়ি যাওয়া হইলো না।" সাততলা বস্তির ভেতরে ইট ভাঙ্গারত অবস্থায় কথা হয় লক্ষ্মীপুর সদর থানার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের নিজামের সঙ্গে। তিনি বলেন, "ঘর ভাইঙ্গা দেওয়ার পর থেকে বউ আর পোলা মাইয়ারে টিবি গেটে এক বন্ধুর বাসায় রাখছি। এখন বইসা বইসা ইট ভাঙ্গতাছি। কিন্তু হেইডাওতো কেও কেনে না।" স্ত্রী ও ছেলে-মেয়েদের ঈদে কাপড় কিনে দিয়েছেন কিনা- এমন প্রশ্ন করতেই ক্ষেপে গেলেন চার ছেলে-মেয়ের জনক নিজাম। তিনি বলেন, "খাওনই জোটে না, আর কাপড় কিইন্যা দেবো কী দিয়া। আগে মেটালিকের কাজ করতাম, কিন্তু এহন সেই কাজও পাই না।" বস্তির আরেক বাসিন্দা নাসা ফ্যাশানের শ্রমিক জামালপুর সদর থানার মেস্টা গ্রামের লিটন বলেন, "বস্তি ভাইঙ্গা দেওয়ার পর কই যামু এখন পর্যন্ত তা-ই ঠিক করতে পারি নাই। এক বছরের পোলা সিয়ামের দুধের টাকাই ম্যানেজ করতে পারতাছি না। তাই বাড়ি যাওয়ার ইচ্ছা হইলেও কোন উপায় নেই। গরিবের ঈদ নাই ভাই, গরিবের ঈদ নাই।" জামালপুরের সরিষাবাড়ির আনোয়ারা বেগম বলেন, "ঘর ভাইঙ্গা দেওয়ার পর দুই ছেলে এক মেয়ে লইয়া পলিথিন দিয়া ঘর বানাইয়া কোনরকমে রাত পার করতাছি। আর ঘর ভাঙ্গার পর থিক্যাই অভাব জাঁইকা ধরছে। অহন দেশের বাড়ি যে যামু সে উপায়ও নাই। যমুনায় বাড়ি-ঘর সব খাইয়া ফেলছে।" ঈদে ছেলে-মেয়েদের কাপড় কেনার কথা জিজ্ঞেস করতেই তিনি বলেন, "বাজারে জিনিসপত্রের যে দাম, ঈদের দিন পেটে ভাত পরবো কিনা তারই গ্যারান্টি নাই।" বস্তি উচ্ছেদের পর সিমেন্টের বস্তা কেটে চৌকির চারপাশে টাঙিয়ে বসবাস করছেন বরগুনার বেতাগী থানার সরষেমুড়ী গ্রামের রোকেয়া বেগম। তিনি বলেন, "আগে মাইনসের বাসায় কাজ কইরা পেট চালাইতাম। কিন্তু ঘর ভাঙ্গার পর কয়েকদিন না যাওয়ায় সে কাজও বন্ধ হইয়্যা গেছে। ঈদের আগে অন্য বাড়িতে কাজ পাওয়ারও কোনো আশা নাই। অহন তিন পোলা-মাইয়্যা লইয়া কই যাবো তা ভাইবা কূল পাই না।" ভোলার চরফ্যাশান থানার চরমাইনকা গ্রামের আবুল কালাম বলেন, "রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ কইরা পেট চালাই। কিন্তু ঈদের আগে কাজ প্রায় বন্ধই হইয়া গেছে। এবার ঈদে ভাতই পামু না, কাপড়-চোপড় কিনমু ক্যামনে। মশায় কামড়াইয়া দুই মাইয়ারে মাইরা ফালাইতাছে। কিন্তু কয়েল কিনার টাকা নাই।" উত্তরার ফরিদাবাদ বস্তির বাসিন্দা স্বামী পরিত্যাক্তা ফাতেমাকে ঈদের কাপড় কেনার ব্যাপারে প্রশ্ন করলে কিছুক্ষন স্থির তাকিয়ে থেকে বলেন, "আমার মাসে খরচ ১২/১৩শ' টাকা। আগে গার্মেন্টসে চাকরি করতাম। কিন্তু চাকরি চইলা গেছে। এখন ছোট ভাই মিজান রিক্সা চালাইয়া কোনরকমে সংসার চালাইতাছে।" মহাখালী বাসস্ট্যান্ডে কথা হয় সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা গার্মেন্টস শ্রমিক সিরাজুলের সঙ্গে। তিনি বলেন, "বউ-ছেলেরে দেশের বাড়িতে পাঠাইয়া দিচ্ছি। এবার হাতের অবস্থা খারাপ তাই আমার আর যাওয়া হবে না। তবে ঈদের পর বাড়ি যাইয়া বউ-ছেলে লইয়া আসব।" মহাখালী বাসস্ট্যান্ডের হকার নেত্রকোনার কলমাকান্দার সেলিম বলেন, "দুইদিন আগে এক বন্ধুর কাছে বউ-ছেলের জন্য এক হাজার টাকা পাঠাইয়া দিছি। ঈদের মধ্যে কাজ কইরা কিছু টাকা জমাইয়া তারপর বাড়িত যামু।" রাজধানীর ২৭ নাম্বার সড়কে ফুটপথের মুদি দোকানদার বরিশালের মেহেন্দীগঞ্জের ফরিদ হোসেন বলেন, "ঈদের আগে সব গাড়ির ভাড়া দুই তিন গুণ বাড়াইয়া দেয়। আবার চেষ্টা কইরাও টিকেট পাওয়া যায় না। তাই ঈদের এক সপ্তাহ পর পরিবারের সবাইরে লইয়া বাড়িতে যাবো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/১৭২৩ ঘ.