ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফয়সাল এলাহীর খুনী সজীবকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব।জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে।
বুধবার রাতে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সাল এলাহীকে (২২) জবাই করে হত্যা করে তারই বন্ধু সাদাত হোসেন সজীব (২৬)। র্যাবের হাতে ধরা পড়া সজীব জিজ্ঞাসাবাদে জানায়, মায়ের নামে খারাপ কথা বলায় রাগে অন্ধ হয়ে ফয়সালকে সে খুন করে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে র্যাব- ২ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী আদাবর ১৩ নম্বর সড়কের শেষ প্রান্তের একটি খাল সেঁচে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। এরপর শুক্রবার র্যাব- ২ এর শিয়া মসজিদ ক্যাম্পে সংবাদ সম্মেলন করে সজীবকে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি করা হয়।
নিহত ফয়সালের বাবা এম এ হান্নান কুড়িগ্রামের কৃষি কর্মকর্তা। রাজধানীর আদাবরে বায়তুল আমান হাউজিংয়ে তাদের বাসা। এ বিষয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন এম এ হান্নান।
সংবাদ সম্মেলনে র্যাব- ২ এর সেকেন্ড ইন কমান্ড মেজর মাসুদ করিম বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে আদাবরের একটি বাসা থেকে সজীবকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি রক্তমাখা সাইডব্যাগ, নিহত ফয়সালের ব্যবহৃত মোবাইল ফোন সেট উদ্ধার করে র্যাব। এরপর খুনীর স্বীকারোক্তি অনুযায়ী একটি খাল সেঁচে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়েছে।"
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, "প্রাথমিকভাবে খুনীর বক্তব্য অনুযায়ী ব্যক্তিগত আক্রোশ থেকেই এ হত্যাকাণ্ড হয়েছে। তবে এর পেছনে আরও কারণ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।"
সজীব সাংবাদিকদের বলে, "বুধবার রাতে আমি ফয়সালের কাছে একটি মোবাইল সেট বিক্রি করতে যাই। এ সময় সে আমার মায়ের নামে বাজে কথা বললে আমার মাথা খারাপ হয়ে যায়। এরপর আমি প্ল্যান করে ফেলি। তাকে ডেকে নিয়ে তার বাসার ছাদে যাই। সেখানে প্রথমে তার মাথায় ইট দিয়ে আঘাত করে অজ্ঞান করে ফেলি। এরপর তার গলায় খালি ছুরি চালাইছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/১৬৪৩ ঘ.
bdnews24