চট্টগ্রাম, অক্টোবর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে এক সপ্তাহের ব্যবধানে গুঁড়োদুধ, এলাচি, সুগন্ধি চাল ও সেমাইয়ের দাম অনেক বেড়ে গেছে। ঈদ সামনে রেখে বেশি দামেই এসব পণ্য কিনছেন ক্রেতারা।
নগরীর খাতুনগঞ্জ ও রিয়াজ উদ্দিন বাজারের পাইকারি ও খুচরা বাজারে ঈদ সামনে রেখে পণ্যের দাম বাড়ার প্রবণতা লক্ষ করা গেছে। গত এক সপ্তাহের ব্যবধানে নগরীর পাইকারি বাজারে প্রতি কেজি এলাচি ২১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৮০ টাকায়। খুচরা বাজারে সেই এলাচির দাম এখন প্রতি কেজি সাতশ টাকা।
খাতুনগঞ্জের পাইকারি বিক্রেতা মোহাম্মদ হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আমদানি কম থাকায় এলাচির দাম বেশি বেড়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, চিনিগুঁড়া চাল পাইকারি দোকানে কেজি প্রতি ২২ টাকা বেড়ে ৫৭ টাকায় বিক্রি হচ্ছে। প্যাকেটজাত সুগন্ধি চালের দাম বেড়েছে ১০ টাকা করে।
নগরীর মোমিন রোড এলাকার মুদির দোকানদার মো. শরিফ জানান, পাইকারি বাজারে দাম বাড়ার ফলে প্রতি কেজি চিনিগুঁড়া চাল এখন ৬০ টাকায় বিক্রি করতে হচ্ছে। প্রাণের প্যাকেটজাত এক কেজি চাল বিক্রি হচ্ছে ৭০ টাকায়। অথচ সপ্তাহ দুয়েক আগেও এর বিক্রয়মূল্য ছিল ৬০ টাকা।
অন্যদিকে, এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি গুঁড়োদুধের দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। গত সপ্তাহে খুচরা বাজারে প্রতি কেজি ডানোর প্যাকেট ৩৯০ টাকা বিক্রি হলেও বুধবার বিক্রি হয়েছে ৪১৮ টাকায়। মার্কস প্রতি কেজির প্যাকেট ১৫ টাকা বেড়ে ৪০৮ টাকা, ডিপ্লোমা ১৮ টাকা বেড়ে ৪১৮ টাকা ও ফ্রেশ ১৫ টাকা বেড়ে ৪১০ টাকায় বিক্রি হচ্ছে।
আর খাতুনগঞ্জের পাইকারি ডিলাররা প্রতি কেজি মার্কস চারশ টাকায়, ডানো ৪১২ টাকায়, ডিপ্লোমা ৪১০ টাকায় বিক্রি করছেন।
চাহিদা অনুযায়ী কোম্পানি গুঁড়োদুধ সরবরাহ করতে পারছে না বলে এক সপ্তাহের ব্যবধানে এ দাম বেড়েছে বলে মনে করেন ডিলাররা।
এছাড়া, নগরীর খাতুনগঞ্জের পাইকারি খোলা সেমাই যেখানে কেজি ৪৮ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে সেখানে রিয়াজ উদ্দিন বাজারের খুচরা দোকানে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা দরে।
বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাকেটজাত লাচ্ছা সেমাইয়ের দামও বেড়েছে। মধুবন, বনফুল, ডায়মন্ড ও থাই ফুডের লাচ্ছা সেমাই ডিলাররা প্রতি কেজি প্যাকেট ৯০ থেকে ১০৫ টাকা দরে বিক্রি করলেও খুচরা বিক্রেতারা নিচ্ছেন ১১০ টাকা দরে। গত বছরের তুলনায় উভয় বাজারে খোলা ও লাচ্ছা সেমাইয়ের দাম প্রতি কেজিতে ২০ থেকে ২৫ টাকা করে বেড়েছে। তবে ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযান জোরদার হওয়ায় বাজারগুলোতে খোলা লাচ্ছা সেমাই বিক্রির পরিমাণ খুবই কম বলে দোকানিরা জানান।
সেমাইয়ের দাম বাড়া প্রসঙ্গে রিয়াজ উদ্দিন বাজারের খুচরা দোকানি কামাল মিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ময়দার দাম বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই সেমাইয়ের দাম বেড়েছে।
রোজার ঈদের দিনের প্রয়োজনীয় অন্যান্য উপকরণের মধ্যে বাদাম (খোলা) খুচরা দোকানে প্রতি কেজি ৪৮ টাকা, পেস্তা বাদাম ৮৩০ টাকা, কাঁঠবাদাম ৫২০টাকা, কিসমিস (গোল্ডেন) ২২০ টাকা, মাঝারি মানের কিসমিস ১৫০ টাকা এবং চিনি ২৮ থেকে ২৯ টাকা দরে বিক্রি হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএআর/এসএনডি/১৫৪৯ ঘ.
bdnews24