২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

চাঁদপুর, নরসিংদী ও সুনামগঞ্জে বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। চাঁদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৩ জন মারা যান। এতে আহত হন কমপক্ষে ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 04:38 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর, নরসিংদী ও সুনামগঞ্জে বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। চাঁদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৩ জন মারা যান। এতে আহত হন কমপক্ষে ২০ জন। নরসিংদীতে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও বিমান বাহিনীর চার সদস্যসহ ৩০ জন আহত হন। সুনামগঞ্জে একটি টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন মারা গেছেন। আহত হয়েছেন ৯ জন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- চাঁদপুর: জেলার হাজিগঞ্জ উপজেলার রামগঞ্জ সড়কে সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে আ. মালেক (৫৫), আব্দুস সাত্তার (৫৫) ও ইব্রাহিম খলিল (৩০) নামে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন কমপক্ষে ২০ জন। এদের হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টায় রামগঞ্জ থেকে চাঁদপুরগামী বৈশাখী সার্ভিসের একটি বাস হাজিগঞ্জ বাজার অতিক্রম করার পর নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। তিনি জানান, বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে বাস চালক পলাতক। নরসিংদী: ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার বিসিক শিল্প নগরীর আমতলায় বিকেল বিমান বাহিনীর পিকআপ ভ্যানের সঙ্গে হানিফ পরিবহনের ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও বিমানবাহিনীর ৪ সদস্যসহ ৩০ জন আহত হয়েছেন। নিহত যুবকের নাম আনোয়ার হোসেনের (২৮)। তার বাড়ি শিবপুর উপজেলার কারারচর গ্রামে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল খান জানান, বিমান বাহিনীর পিকআপ ভ্যানটি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নরসিংদীর কামারটেক যাচ্ছিল। আমতলায় পৌঁছালে ঢাকাগামী বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি জানান, বিমান বাহিনীর সদস্য শাহজাহানসহ আহত চারজনকে ঢাকা পাঠানো হয়েছে। অন্যদের নরসিংদী সদর ও জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী মুদি দোকানি মো. জসিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হঠাৎ বিকট শব্দ হয়। তাকিয়ে দেখি বিমান বাহিনীর একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বাস ও পিকআপের যাত্রীরা আর্তনাদ করছে। পরে লোকজন ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। পুলিশ কর্মকর্তা ইসমাইল হোসেন খান জানান, এ ব্যাপারে এখনো কেউ মামলা করেনি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি বাসই ঘটনাস্থলে রয়েছে। তবে কাউকে আটক করা হয়নি। দুর্ঘটনার পরপর নরসিংদী জেলা প্রশাসক মো. জিল্লার রহমান, সহকারী পুলিশ সুপার হারুনুল রশীদ, সেনাবাহিনী ও র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করে। সিলেট: সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার চেচান বাজারে দুপুরের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টেম্পু খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আছকান মিয়া (২৭) নামে এক যাত্রী নিহত হয়েছেন। তার বাড়ি ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের চেচান গ্রামে। এ দুর্ঘটনায় আহতরা হলেন, কদর মিয়া (৬০), নেছার মিয়া (১২), উর্মি (১), সেলিমা (২০), আনেসা বেগম (৬০), রিয়াজ উদ্দিন (২০), হানিফা বেগম (৩৫), সাইফুদ্দিন (১০) ও সুহেল মিয়া (১০)। এদের সবার বাড়িও একই গ্রামে। ছাতক থানার উপ-পরিদর্শক রইছ উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১টায় একটি যাত্রীবাহী টেম্পু সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ থেকে জাউয়াবাজারের দিকে আসছিল। পথে চেচান বাজারে একটি মিনিবাসকে অতিক্রম করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তিনি জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএআর/এসএনডি/এমএসবি/২২১৯ ঘ.