চট্টগ্রাম, অক্টোবর ১১(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নগরীর বাকলিয়া এলাকার কালা মিয়া বাজারে বৃহস্পতিবার সকালে দিদারুল আলম (২৬) নামে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
দিদারুল নগরীর কালা মিয়া বাজারে খেদু মেম্মারের বাড়িতে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি ফটিকছড়ি উপজেলার আজিম নগরে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক তোয়ান আলী জানান, সকাল ১০টার দিকে দিদারুল ছাদে পানির ট্যাংকে পানির পরিমাণ দেখতে গেলে একটি রডের সঙ্গে তড়িতাহত হন। বিদ্যুতের তার ছিঁড়ে লোহার রডটি তড়িতাহত হয় বলে আত্মীয় স্বজনরা পুলিশকে জানিয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/১৪২২ ঘ.
bdnews24