ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ রাত 'লাইলাতুল কদর' পালনে মঙ্গলবার সন্ধ্যা থেকেই নগরীর মসজিদে মসজিদে ইবাদতে সামিল হন মুসল্লিরা। সারা রাত এবাদত বন্দেগির মাধ্যমে তারা রাতটি অতিবাহিত করবেন।
এ রাতেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, হাইকোর্টের মাজার মসজিদসহ রাজধানীর অনেক মসজিদে খতম তারাবির নামাজ হবে।
২৬ রমজানের দিবাগত রাতকে লাইলাতুল কদর বা শবে কদর বলা হয়। আরবী শব্দ লাইলাতুল কদর অর্থ পবিত্র রজনী বা পূণ্য রজনী। রমজানের শেষ ১০ দিনের যে কোনো একটি বেজোড় রাতই পালিত হয় লাইলাতুল কদর। সেজন্য হযরত মুহাম্মদ (সাঃ) রমজানের শেষ ১০ দিন মসজিদে গিয়ে এতেকাফ করতেন।
লাইলাতুল কদর রাতেই মানবজাতির জন্য পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল। এজন্য ইসলাম ধর্মে বলা আছে, এ রাতের মর্যাদা হাজার বছরের রাতের চেয়ে বেশি পূণ্যময়। কোরআন শরীফে এ রাতের মাহাত্ম্য বর্ণনা করে সুরা কদর অবতীর্ণ হয়।
মুসলমানরা পূণ্য লাভের আশায় রাত জেগে এবাদত বন্দেগি, কোরআন তেলাওয়াত, জিকির, আত্মীয়-স্বজনদের কবর জিয়ারতসহ নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে অতিবাহিত করেন।
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বলেন, "পবিত্র লাইলাতুল কদর গোটা মানবজাতির জন্য অত্যন্ত পূণ্যময় রজনী। এ রজনী বিশ্ববাসীর জন্য মহান আল্লাহর অশেষ রহমত, বরকত ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয়।"
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেন, "লাইলাতুল কদর সিয়াম সাধনার মাস- রমজানের এক অসীম বরকতময় রাত। মহান আল্লাহর কাছে সুখ, শান্তি, ক্ষমা ও কল্যাণ প্রার্থনার এক অপূর্ব সুযোগ এ রাত।"
এছাড়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও বিএনপির সংস্কারপন্থী অংশের নেতা আবদুল মান্নান ভূঁইয়া, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা লাইলাতুল কদর উপলক্ষে পৃথক বিবৃতি দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএম/এমএসবি/এমএ/১৯১৭ ঘ.
bdnews24