২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট ছাত্রলীগের সাবেক নেতা বিধানের ১০ বছর কারাদণ্ড

অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বিধান চন্দ্র সাহাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কিবরিয়া চৌধুরী সুমনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 12:22 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

সিলেট, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোরর ডটকম)- অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বিধান চন্দ্র সাহাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কিবরিয়া চৌধুরী সুমনকে। মঙ্গলবার বিকালে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস আহমেদ এ রায় দেন। রায়ে অভিযুক্ত বিধান সাহাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর কারাভোগের নির্দেশ দেয়া হয়। এছাড়া সুমনকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ বছর কারাভোগের নির্দেশ দেয়া হয়। রায়ের সময় বিধান সাহাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সাজাপ্রাপ্ত সুমন পলাতক রয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি ফয়জুর রহমান জাহেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের ওই সাজা দেয়। মামলার বিবরণে জানা যায়, গত ৩ জুলাই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্যরা বিধান সাহাকে সিলেট নগরীর বাগবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে এবং তার দেয়া তথ্যে সুমনের বাসায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাব-৯ এর কর্মকর্তা মো. রিদওয়ানুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় বিধান ও সুমনকে আসামি করে মামলা করেন। গত ২৩ জুলাই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। এর পর ৫ সেপ্টেম্বর আদালতে মামলার অভিযোগ গঠন হয়। বিডিনিউজ টুয়েন্টিফোরর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২০ ঘ.