কিশোরগঞ্জ, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে কিশোরগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু তাহের মিয়াকে মঙ্গলবার দুপুরে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে।
ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল দুপুর ৩টার দিকে পৌর ভবন থেকে চেয়ারম্যানকে গ্রেপ্তার করে। একই সময় গ্রেপ্তার করা হয় রোকন ও মামুন নামে পৌরসভার দুই কর্মচারীকে।
ম্যজিস্ট্রেট মোহাম্মদ সাঈদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পৌর চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও উৎকোচ নেয়ার অভিযোগ দীর্ঘদিনের। আজ (মঙ্গলবার) তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।"
গ্রেপ্তার অভিযানে অংশ নেয়া যৌথবাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা শহরের ব্যবসায়ী মো. হারেছ মিয়ার একটি জমি নিয়ে অন্য পক্ষের সঙ্গে বিরোধ ছিল। সে বিরোধ মীমাংসার কথা বলে চেয়ারম্যান আবু তাহের হারেছ মিয়ার কাছে দেড় লাখ টাকা ঘুষ দাবি করে। বিষয়টি হারেছ মিয়া যৌথবাহিনীকে জানায়।
যৌথবাহিনীর সঙ্গে কথা বলার পর মঙ্গলবার দুপুর ৩টার দিকে ঘুষের ২০ হাজার টাকা নিয়ে হারেছ মিয়া পৌরসভা কার্যালয়ে চেয়ারম্যানের কাছে যায় বলে যৌথবাহিনীর ওই কর্মকর্তা জানান।
তিনি বলেন, ওই সময় অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৩ ঘ.
bdnews24