বরিশাল, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাচারকালে সারবোঝাই একটি বাস বরিশালে আটক করেছে র্যাব। বাসচালকে গ্রেপ্তার করা হয়েছে। বাস থেকে উদ্ধার করা হয়েছে ৪০ বস্তা ইউরিয়া সার।
রোববার রাতে ওই সার আটক করা হয়। এ ঘটনায় র্যাব-৮ এর সহকারী পরিচালক (ডিএডি) সাদেকুল ইসলাম বাদি হয়ে সোমবার রাতে বাসচালক আবু তালেব (২৯)'কে আসামি করে কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন।
র্যাব কর্মকর্তা ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মনছুর ভূইয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত পৌনে ১০টার দিকে নগরীর নথুল্লাবাদ বাসস্টান্ডে অভিযান চালিয়ে বরিশাল থেকে যশোরগামী ইমন পরিবহনের একটি বাস থেকে কাগজপত্রবিহীন ৪০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।"
ওই সময় বাসের চালক আবু তালেবকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব কর্মকর্তা জানান। পরে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৭ ঘ.
bdnews24