ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশালে ডাকাতদের হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছে। এছাড়া, সাভার পৌরসভার গেণ্ডা এলাকায় ওষুধ তৈরির নির্মাণাধীন প্রতিষ্ঠানে হামলা করে ডাকাত দল মালামাল লুট করেছে।
আমাদের বরিশাল প্রতিনিধি জানান, বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের রুপারজোর গ্রামে রোববার রাতে ডাকাতের অস্ত্রের আঘাতে মোসলেম গাজী (৬৫) নামে একজন নিহত হন। ডাকাতদের হামলায় নিহতের ছেলে রিপন গাজী (২৫) ও ভাই চান্দু গাজীও (৩৫) আহত হন।
বরিশালের পুলিশ সুপার তৌফিক মাহমুদ চৌধুরী সোমবার সকালে ঘটনাস্থলে যাওয়ার পর সাংবাদিকদের বলেন, "স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানতে পেরেছি সাত থেকে আটজন অস্ত্রধারী ডাকাত রাত ৩টার দিকে মোসলেম গাজীর ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। বাড়ির লোকজন তাদের প্রতিরোধের চেষ্টা করে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মোসলেম গাজী ঘটনাস্থলেই মারা যান। ডাকাতরা একইসঙ্গে রিপন গাজীর পায়ে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে চান্দু গাজীকে জখম করে।"
তিনি জানান, গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা কোনো কিছু না নিয়েই পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, একই রাতে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের চন্দ্রমোহন গ্রামে আবদুস সোবহান হাওলাদারের বাড়িতে রাত দেড়টার দিকে ডাকাতরা দরজা ভেঙে প্রবেশ করে নগদ ৭০ হাজার টাকা ও আট ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। আবদুস সোবহানের ছেলে ঝন্টু (২৪) ও লোকমান হোসেন (২৮) বাধা দিলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের জখম করে।
আহতদের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, ডাকাতির ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
আমাদের সাভার প্রতিনিধি জানান, সাভার পৌর এলাকার গেণ্ডা এলাকায় নির্মাণাধীন ল্যাব এইড ফার্মাসিউটিক্যালসে রোববার রাতে ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে মালামাল লুট করেছে।
ল্যাব এইড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহকারী প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্লাহ আল-মামুন জানান, রোববার রাত ৩টার দিকে ১৫ থেকে ২০ জনের একদল সশস্ত্র ডাকাত প্রধান গেটের তালা ভেঙে প্রবেশ করে। তারা নৈশ প্রহরীসহ ছয় শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ডাকাতদল প্রায় তিন লাখ টাকার প্লেনসিট, স্টিলের শার্টারসহ বিভিন্ন সামগ্রী ট্রাকে নিয়ে পালিয়ে যায়।
ডাকাতির ঘটনায় আব্দুল্লাহ আল-মামুন একটি মামলা করেছেন।
সাভার থানার উপ-পরিদর্শক নাসিম উদ্দিন জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২২১৪ ঘ.
bdnews24