ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জানা আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬৪ কোটি ৩৪ লাখ ৯৩ হাজার টাকার সম্পদ উপাজর্নের অভিযোগে ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
মামলায় দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ৫২ কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগও আনা হয়েছে।
সোমবার দুদকের উপ-পরিচালক আব্দুল করিম বাদি হয়ে রমনা থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ওবায়দুল করিমের সঙ্গে তার স্ত্রী আরজুদা করিম এবং ছেলে সালমান করিমকে আসামি করা হয়েছে।
আসামীরা সবাই বর্তমানে পলাতক।
মামলার এজাহারে বলা হয়, ওবায়দুল করিম তার জানা আয়ের বাইরে ৪৮ কোটি ১৪ লাখ ৭২ হাজার টাকার সম্পদের মালিক। এর মধ্যে দুদকে জমা দেওয়া বিবরণীতে ৪১ কোটি ৮৬ লাখ ৫৭ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন তিনি।
এজাহারে অভিযোগ করা হয়, আরজুদা করিম জানা আয়ের বাইরে ১০ কোটি ৯ লাখ ১০ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। দুদকে জমা দেওয়া বিবরণীতে তিনি ৪ কোটি ১৮ লাখ ৩৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
সালমান করিমের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের পরিমাণ ছয় কোটি ১১ লাখ ১০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, গত রোববার ওবায়দুল করিমের বিরুদ্ধে মুদ্রা পাচার (মানি লন্ডারিং) প্রতিরোধ আইনে আরেকটি মামলা করে দুদক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমআইএম/এসকে/২০২১ঘ.
bdnews24