ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়নের জন্য বাংলাদেশকে ১০ কোটি ২২ লাখ ৬০ হাজার ডলার ঋণ দেবে বিশ্ব ব্যাংক।
এব্যাপারে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট ফান্ড (আইডিএ) এর মধ্যে সোমবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এম আমিনুল ইসলাম ভুঁইয়া ও বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশে সংস্থাটির আবাসিক প্রতিনিধি শিয়েন ঝু চুক্তিতে স্বাক্ষর করেন।
পানি সম্পদ খাতে আইডিএ'র অর্থায়নের পাশাপাশি নেদারল্যান্ড সরকারও সহায়তা হিসেবে ২ কোটি ডলার দেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই খাতে সরকার নিজস্ব তহবিল থেকে এক কোটি ৪৪ লাখ ৪০ হাজার ডলারের অর্থায়ন করবে।
সাত বছর মেয়াদের এই পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের ফলে ২০ লাখ পরিবার উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনএইচ/টিএইচ/এমএ/১৮৫৫ ঘ.
bdnews24