ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সৌদি আরবের জেদ্দায় অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। গত শনিবার জেদ্দার আল খামরা এলাকায় একটি আসবাব তৈরির কারখানায় আগুন লাগলে ওই সাতজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- সিলেটের বালাগঞ্জের খাসিপুর গ্রামের কুতুব উল্লাহর ছেলে জুনাব আলী ও আশরাফ আলী, আসামপুরের লাল মিয়ার ছেলে চনু মিয়া, গৌরীনাথপুরের জালাল মিয়ার ছেলে শাহীন, তিলক চানপুর গ্রামের নুরুল ইসলাম ও খড়মপুর গ্রামের রহিম উল্লাহর ছেলে মঞ্জু মিয়া এবং মৌলভীবাজার জেলার রাজনগরের হাসগাঁও গ্রামের হারিস আলীর ছেলে আলী হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ কে মাহমুদ রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সাতজনের নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছি। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে যত দ্রুত সম্ভব তাদের লাশ দেশে আনার ব্যবস্থা করা হবে।"
মন্ত্রণালয়ের বহিঃ প্রচার অণুবিভাগের পরিচালক মো. নাসির উদ্দিন রোববার সাংবাদিকদের বলেন, "আমরা নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি তাদের জানিয়েছি।"
জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানিয়েছে, জেদ্দা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে আল খামরা এলাকার গারেনিয়া গ্রামে একটি আসবাব তৈরির কারখানায় আগুন লাগলে ওই সাতজনের মৃত্যু হয়। নিহতদের লাশ জেদ্দার আল-মাহজার হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কনস্যুলেট আরো জানিয়েছে, বাংলাদেশি নাগরিক জুনাব আলী নিজস্ব অর্থায়নে ওই আসবাব তৈরির কারখানাটি পরিচালনা করতেন। শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে কারখানায় আগুন লাগলে জুনাব আলী ও তার ভাই আশরাফ আলীরও মৃত্যু হয়। নিহত অন্যরাও ওই কারখানার কর্মী। তাদের মধ্যে চারজনেরই বৈধ কাগজপত্র ছিল না।
সৌদি পত্রিকা আরব নিউজ রোববার লিখেছে, ওই আসবাব কারখানার ভেতরেই তিনটি কক্ষে থাকতেন কারখানার শ্রমিকরা। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই কারখানার ছাদ ভেঙে পড়লে শ্রমিকরা ভেতরে আটকা পড়ে যান। কারখানার ভেতরের অংশ আসবাবপত্রে ঠাসা থাকায় আটকা পড়া শ্রমিকদের উদ্ধার করাও কঠিন হয়ে পড়ে। পরে দুটি ঘর থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়। কারখানার অন্য শ্রমিকরা আগুন এড়িয়ে বেরিয়ে যেতে সক্ষম হন।
পত্রিকাটি আরো লিখেছে, 'জেদ্দার সিভিল ডিফেন্স বিভাগ কারখানার জীবিত শ্রমিকদের মধ্যে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ধারণা করা হচ্ছে, যথাযথ অনুমতি ছাড়াই কারখানাটি চালানো হচ্ছিল এবং এর শ্রমিকদেরও সৌদি আরবে থাকার বৈধ কাগজপত্র নেই।'
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসকে/জেকে/এমএ/১৮০৯ঘ.
bdnews24