ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চলতি বছরের ডিসেম্বর মাসে রাজধানীতে হতে যাচ্ছে পাঁচদিনের এক মোবাইল মেলা।
ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সহযোগিতায়
এ মেলার আয়োজন করছে বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী অ্যাসোসিয়েশন।
শনিবার এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ মেলার কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এসময় জানানো হয় রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের মেলাটি উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১০-১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ মোবাইল মেলা।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন, মোবাইল ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ এবং মোবাইল ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি নিজাম উদ্দিন জিটু মেলা বিষয়ক তথ্য জানিয়ে বলেন, মেলার প্রধান লক্ষ্য মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা বাড়াতে সহায়তা করা।
প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলায় প্রবেশের টিকিটের দাম হবে ২০ টাকা।
মোবাইল ফোন অপারেটর কোম্পানী, সেট প্রস্তুতকারক ও আমদানিকারক প্রতিষ্ঠান এবং টেলিযোগাযোগ শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশ নেবে। মেলায় মোট ১২০টি স্টল এবং ১৫ টি প্যাভিলিয়ন থাকবে। মেলা উপলক্ষ্যে মোবাইল সংযোগদানকারী প্রতিষ্ঠান বিশেষ প্যাকেজ ঘোষণা করবে।
মেলা চলাকালীন টেলিফোন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে এ খাতের উন্নয়ন সম্পর্কিত দুটো সেমিনারও হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসকে/২১৪৬ঘ.
bdnews24