ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী স্বল্পোন্নত দেশগুলোর গ্র"প এলডিসির সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি বিশ্ববাণিজ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে নেতৃত্ব দেবেন।
শনিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ সর্বসম্মতভাবে ৫০টি দেশের সমন্বয়ে গঠিত এলডিসির সভাপতি হয়েছে। বিদায়ী সভাপতি বেনিন এর পররাষ্ট্রমন্ত্রী মোওসা ওকানলা শুক্রবার পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
শুক্রবার সন্ধ্যায় এলডিসির সভাপতির দায়িত্ব নেওয়ার সময় ড. চৌধুরী বলেন, "এ মুহূর্তে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে ব্রাসেলস কর্মসূচির সঠিক বাস্তবায়ন।"
২০০১ সালে ব্রাসেলসে অনুষ্ঠিত তৃতীয় জাতিসংঘ সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলো সম্পর্কে ওই কর্মসূচি নেওয়া হয়েছিল।
পররাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, উন্নত দেশগুলো তাদের বাজারে স্বল্পোন্নত দেশে উৎপাদিত পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার প্রতিশ্র"তি রক্ষা করবে।
সব আন্তর্জাতিক ফোরামেই স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ সর্বোচ্চ উদ্যোগ নেবে বলেও অঙ্গীকার করেন তিনি।
বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে নিজেদের অধিকার প্রতিষ্ঠার করার লক্ষ্যে ২০০১ সালে জাতিসংঘের ৫০টি স্বল্পোন্নত দেশ নিয়ে এলডিসি গঠিত হয়। প্রথমবার আফ্রিকার দেশ বেনিন এই গ্র"পের সভাপতি নির্বাচিত হয়। পরে স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রীপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়, ২০০৬ সালে সভাপতি নির্বাচন করা হবে এশিয়ার কোনো দেশ থেকে। কিন্তু এশিয়া থেকে বাংলাদেশ ও নেপাল প্রার্থী হওয়ায় দীর্ঘদিন ধরে সভাপতি নির্বাচনের বিষয়টি ঝুলে থাকে। শেষ পর্যন্ত শুক্রবার ৫০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের প্রার্থী হিসেবে ড. ইফতেখার আহমদ চৌধুরী নিরঙ্কুশ সমর্থন নিয়ে সভাপতি নির্বাচিত হন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/এমএ/২১২৪ ঘ.
bdnews24