২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ রক্ষায় সব পর্যায়ে দক্ষতা বাড়ানো জরুরি: সভার অভিমত

পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক চুক্তিগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সরকার, জনগণ ও সংবাদমাধ্যমসহ দেশের সব পর্যায়ে সচেতনতা ও দক্ষতা বাড়ানো জরুরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 03:15 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক চুক্তিগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সরকার, জনগণ ও সংবাদমাধ্যমসহ দেশের সব পর্যায়ে সচেতনতা ও দক্ষতা বাড়ানো জরুরি। শনিবার প্রেসক্লাবে 'টেকসই পরিবেশ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ অভিমত জানিয়েছেন। সভার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি সাবেক তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম পরিবেশ বিপর্যয়কে অত্যন্ত উদ্বেগের বিষয় বলে মন্তব্য করে বলেন, "পরিবেশ রক্ষার জন্য সবার মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। পরিবেশ বিপর্যয় মোকাবেলার জন্য সরকারি ও বেসরকারি সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিদের দক্ষতা বাড়ানো প্রয়োজন।" পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং দ্য ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন (আইইউসিএন) এর বাংলাদেশ কার্যালয় যৌথভাবে 'ন্যাশনাল ক্যাপাসিটি সেল্ফ অ্যাসেসমেন্ট (এনসিএসএ) প্রকল্পের অধীনে এ আলোচনা সভার আয়োজন করে। সভার স্বাগত বক্তব্যে আইইউসিএন এর বাংলাদেশ প্রতিনিধি ড. আইনুন নিশাত বলেন, "পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সভা বা সম্মেলনগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন জনকে পাঠানোর কারণে সমন্বয়হীনতা ঘটে। এতে কোনো নির্দিষ্ট একটি বিষয়ে কেউ বিশেষভাবে পারদর্শী বা দক্ষ হয়ে ওঠেন না।" তিনি বলেন, "বাংলাদেশ পরিবেশ বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেছে। এসব চুক্তি বাস্তবায়নের জন্য বাংলাদেশের পরিবেশ বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বাড়ানো প্রয়োজন। আর দক্ষতা বাড়ানোর জন্য একজন প্রতিনিধিকেই সভা বা সম্মেলনগুলোতে পাঠানো দরকার। বিশেষ অতিথির বক্তব্যে তথ্য সচিব মো. দিদারুল আনোয়ার বলেন, "পরিবেশ বিষয়ে সচেতনতা শুধু জনগণের মধ্যেই বাড়াতে হবে তা নয়। সরকারের মধ্যেও সচেতনতা বাড়ানো প্রয়োজন।" অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন 'এনসিএসএ'র প্রকল্প ব্যবস্থাপক মনোয়ার ইসলাম । জলবায়ুর পরিবর্তন, জীববৈচিত্র্য ও মরুকরণ বিষয়ক তিনটি পৃথক আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশের স্বাক্ষর করার কথা উল্লেখ করে তিনি বলেন পরিবেশ রক্ষা এবং এসব চুক্তি যথাযথভাবে বাস্তবায়নের জন্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে দক্ষতা বাড়ানো দরকার। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব এএইচএম রেজাউল কবির। বক্তব্য রাখেন জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি), বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার মামুনুল এইচ খান, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক জগলুল আহমেদ চৌধুরী, মাহফুজউল্লাহসহ কয়েকজন সাংবাদিক এ অধিবেশনে বক্তব্য রাখেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এমএসবি/এসকে/২১০৮ঘ.