২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের মিষ্টি বিক্রেতা প্রতিষ্ঠান বনফুল ও ফুলকলিকে জরিমানা

চট্টগ্রামের দুই জনপ্রিয় মিষ্টি বিক্রেতা প্রতিষ্ঠান বনফুল ও ফুলকিকে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেমাই উৎপাদন করার অপরাধে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাদের প্যাকেটজাত সমস্ত লাচ্ছা সেমাই বাজার থেকে প্রত্যাহার ও বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 04:52 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের দুই জনপ্রিয় মিষ্টি বিক্রেতা প্রতিষ্ঠান বনফুল ও ফুলকিকে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেমাই উৎপাদন করার অপরাধে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাদের প্যাকেটজাত সমস্ত লাচ্ছা সেমাই বাজার থেকে প্রত্যাহার ও বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, এসব প্যাকেটজাত লাচ্ছা সেমাই না কেনার জন্য ক্রেতাদের উদ্দেশে বিএসটিআইকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারেরও নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন। ল্যাবরেটরির পরীক্ষায় এ দুটি মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উৎপাদিত লাচ্ছা সেমাইয়ে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর চর্বি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এই দুই কোম্পানির প্রতিটিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং বাজারজাত সব প্যাকেট প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, এদের উৎপাদিত লাচ্ছা সেমাইয়ের নমুনা গত ১৯ সেপ্টেম্বর সরকারি ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখান থেকে প্রাওয়া প্রতিবেদনে দেখা গেছে, এসব লাচ্ছা তৈরিতে উচ্চ গলনাংকের চর্বি ব্যবহার করা হয়েছে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব লাচ্ছা সেমাই খেলে হৃদরোগ হতে পারে। এদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশনের ভেজালবিরোধী অভিযানে নেতৃত্বদানকারী বিশেষ মহানগর হাকিম জাকির হোসেনের আদালত চাক্তাই এলাকার ব্যবসায়ী নজরুল ইসলামের গুদাম থেকে বিএসটিআইয়ের অনুমোদনহীন তিন লাখ টাকার প্রায় ২৩শ কেজি লাচ্ছা সেমাই জব্দ করে পুড়িয়ে ফেলেন। একই আদালত খাতুনগঞ্জের দুটি মরিচের কারখানা থেকে বিভিন্ন ধরনের রং, কাঠের গুড়া ও ছাই মেশানো মরিচের গুড়া জব্দ করে। এ কারখানা দুটির মালিক আলম ও আবু তাহেরর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এসএনডি/২২৪৩ ঘ.