ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- জরুরি অবস্থা নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। তিনি বলেন, 'জরুরি অবস্থা নির্বাচন পর্যন্ত দরকার' -- টাঙ্গাইলে এমন বক্তব্য তিনি আদৌ দেননি।
টাঙ্গাইলে দেওয়া তার বক্তব্যকে বেশীরভাগ পত্র - পত্রিকা সঠিকভাবে প্রকাশ করেনি -- এ কথা জানিয়ে সিইসি বলেন, "এ সব বক্তব্য একেবারে ভিত্তিহীন। আমি সেখানে বলেছি, নির্বাচন তো জরুরি অবস্থার ভেতর হতে পারে না। যত দ্রুত নির্বাচন হবে, তত দ্রুত জরুরি অবস্থা উঠে যাবে। এ জন্য আমি সবাইকে ভোটার তালিকা তৈরি করাসহ কমিশনের সার্বিক কাজে সহায়তা করার আহ্বান জানিয়েছি।"
মঙ্গলবার বিকালে কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরে লেখা হয়েছে, সোমবার টাঙ্গাইলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সিইসি বলেছেন, "জরুরি অবস্থা নির্বাচন পর্যন্ত দরকার।"
সিটি করপোরেশনসহ স্থানীয় নির্বাচনের অন্তত দুমাস আগে এলাকা বিশেষে জরুরি অবস্থা প্রত্যাহার করা প্রয়োজন বলে মন্তব্য করেন শামসুল হুদা। তিনি বলেন, "তবে জাতীয় সংসদ নির্বাচনের কতোদিন আগে সারাদেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে, সেটি সরকারের ব্যাপার।"
সিইসি বলেন, "আমি যখন কোনো এলাকায় নির্বাচন করতে যাবো, তখন ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তো বটেই, এমনকি জরুরি অবস্থাও তুলে দিতে হবে। নইলে নির্বাচন হবে কী ভাবে? কেননা প্রচার - প্রচারণার বিষয় আছে। এ জন্য শিডিউল ঘোষণার বেশ কিছুদিন আগে জরুরি অবস্থা তুলে নেওয়া দরকার। নির্বাচনের অন্তত দুমাস আগে এটি হলে ভাল হয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এমএ/১৭৩৩ ঘ.
bdnews24