পঞ্চগড়, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে চাঁন মিয়া নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমূল্য কুমার সরকার মঙ্গলবার এ রায় দেন। রায়ে আসামির ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।
তবে দণ্ডপ্রাপ্ত চাঁন মিয়া পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের আমবাড়ি গ্রামের হোসেন আলীর মেয়ে মনোয়ারা বেগমের সঙ্গে বিয়ে হয় কাউখালি গ্রামের লাল মিয়ার ছেলে চাঁন মিয়ার। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মনোয়ারাকে মারধর করতো চাঁন মিয়া। ১৯৯৬ সালের ১৫ মার্চ মনোয়ারাকে হত্যা করে করতোয়া নদীর পাড়ে পুঁতে রেখে চাঁন মিয়া পালিয়ে যায়।
এ ঘটনায় মনোয়ারার বাবা হোসেন আলী বাদি হয়ে বোদা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০৭ ঘ.
bdnews24