রাজশাহী, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের সময় সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর মামলায় আরো এক সাক্ষীর সাক্ষ্য নিয়েছে আদালত।
মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী মহানগর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলুল করীমের আদালতে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য দেন সেনাবাহিনীর কর্পোরাল আমিনুল ইসলাম।
সাক্ষ্যগ্রহণ শেষে বেলা দেড়টা পর্যন্ত তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী গোলাম আরিফ টিপু, হামিদুল হক ও মনসুর হোসেন।
এর পর বিচারক আগামী ৭ অক্টোবর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।
সাক্ষ্যগ্রহণের সময় মামলার আসামি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, অধ্যাপক সারোয়ার জাহান সজল, রাবির জনসংযোগ বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সাদিকুল ইসলাম ও কর্মচারী আতাউর রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
এর আগে এ মামলার বাদি ডিজিএফআইয়ের সহকারী পরিচালক শওকত আলী ও সেনা সদস্য কর্পোরাল মাসুদ রানার সাক্ষ্য নেয়া হয়।
গত ১৮ সেপ্টেম্বর দুই শিক্ষক ও দুই কর্মচারীসহ মোট ১৪ জনের বিরুদ্ধে একই আদালতে মামলার অভিযোগ গঠন হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে রাবিতে গত ২২ আগস্ট ছাত্র-পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়। ওই দিন পুলিশের গুলিতে নিহত হন এক রিকশাচালক। ছাত্রবিক্ষোভ ও ভাঙচুরে উস্কানি দেওয়া এবং সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর অভিযোগে মতিহার থানায় দুটি মামলা হয়।
গত ১ সেপ্টেম্বর দুই মামলারই অভিযোগপত্র দেন সংশি
bdnews24