ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কারাগারে অন্তরীণ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাত লাখ টাকা আয়কর দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এজন্য ব্যাংক থেকে টাকা তোলার অনুমতি চেয়ে একটি চিঠি জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাঠাবেন তিনি।
সোমবার বিকালে শেখ হাসিনার সঙ্গে কারাগারে দেখা করার পর তার আয়কর আইনজীবী খন্দকার মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, "এ ব্যাপারে একটি চিঠি উপ কারারক্ষক ফারুক আহমেদের কাছ থেকে সত্যায়িত করা হয়েছে। মঙ্গলবার তা এনবিআর এ পাঠানো হবে।"
তিনি জানান, সরকার শেখ হাসিনার সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করায় তিনি সোনালী ব্যাংকের সংসদ ভবন শাখা থেকে আয়করের সাত লাখ টাকা তোলার অনুমতি চেয়ে একটি চিঠি এর আগেও জাতীয় রাজস্ব বোর্ডে পাঠিয়েছিলেন। কিন্তু চিঠিটি কারা কর্তৃপক্ষের মাধ্যমে সত্যায়িত করা ছিল না। এ কারণে এনবিআর কারা কর্তৃপক্ষের সইসহ একটি চিঠি পাঠানোর জন্য শেখ হাসিনাকে অনুরোধ করে। এর পরিপ্রেক্ষিতেই নতুন করে চিঠি দিচ্ছেন তিনি।
টাকা তোলার অনুমতি পাওয়া গেলে যত দ্রুত সম্ভব আয়কর দেওয়া হবে বলে খন্দকার মনিরুজ্জামান জানান।
আইনজীবী জানান, কারাগারে কথা প্রসঙ্গে শেখ হাসিনা দ্রব্যমূল্যের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, গ্রামের মানুষের অবস্থা খুবই করুণ। তাদের কথা ভাবলে কান্না আসে।
শেখ হাসিনার সঙ্গে আর কোনো বিষয়ে কথা হয়েছে কিনা জানতে চাইলে খন্দকার মনিরুজ্জামান বলেন, "তার বিরুদ্ধে দায়ের করা ১১টি মামলা, স্বামী ওয়াজেদ মিয়ার ব্যাপারে খোঁজ খবর নেওয়া ছাড়াও কিছু পারিবারিক কথা হয়েছে। রাজনৈতিক কোনো কথা হয়নি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএআর/জেকে/এমএ/২০০৫ ঘ.
bdnews24