২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে শিশু অপহরণ মামলায় ২১ জনের যাবজ্জীবন

মুক্তিপণের দাবিতে এক শিশুকে অপহরণের দায়ে ২১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে ময়মনসিংহের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 10:01 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ময়মনসিংহ, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুক্তিপণের দাবিতে এক শিশুকে অপহরণের দায়ে ২১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে ময়মনসিংহের একটি আদালত। সোমবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক নরেন্দ্র চন্দ্র দাস এ রায় দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ১২ জন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকি নয় জন পলাতক রয়েছেন। সাজাপ্রাপ্তরা হলেন, ফুলবাড়িয়া উপজেলার সেলিম (পলাতক), লাইস মিয়া (পলাতক), নুরুল হক ওরফে আব্দুল হক (পলাতক), মুসা (পলাতক), তারা মিয়া ওরফে সুতু (পলাতক), আইয়ুব আলী (পলাতক), ফারুক (পলাতক), সুরুজ (পলাতক), জিল্লুর (পলাতক), সোহরাব, মোসলেম উদ্দিন, আব্দুস সালাম, আব্দুল হাকিম কাইল্যা, তোফাজ্জল হোসেন, সেলিম, আব্দুল খালেক, রুহুল, সাইফুল, আবুল হোসেন, গোলাম আলী ও আব্দুল কাদির। মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ৮ অক্টোবর রাতে অভিযুক্তরা ফুলবাড়িয়ার তেলীগ্রামের ছোহরাব আলীর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে ৯/১০ বছর বয়সী একমাত্র ছেলে আজিজুল হককে অপহরণ করে। যাবার সময় আজিজুলের মুক্তির বিনিময়ে তিন লাখ টাকা দাবি করে চিরকুট রেখে যায়। ছোহরাব আলী পরদিন এ ঘটনায় ফুলবাড়িয়া থানায় অপহরণ মামলা দায়ের করেন। অপহরণের আট দিন পর পুলিশ অভিযান চালিয়ে আজিজুলকে উদ্ধার করে। দণ্ডপ্রাপ্ত আসামিরা ময়মনসিংহ অঞ্চলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের বেশ কয়েকটি ঘটনার সঙ্গে জড়িত। তাদের নামে ময়মনসিংহ ও টাঙ্গাইলে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। কয়েকটি মামলায় এদের সাজাও হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৮ ঘ.