পটুয়াখালী, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালীতে সাবেক স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে হাসান মৃধা (৩০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া এক মাসের মধ্যে এসিডদগ্ধ বিউটি আক্তারকে নগদ ১০ হাজার টাকা জরিমানা দেওয়ারও আদেশ দেওয়া হয়েছে।
রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু বকর সিদ্দিক এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার পূর্ব মরিচ বুনিয়া গ্রামের ফুফুর বাড়িতে অবস্থানকালে ২০০৭ সালের ৮ জুন রাত সাড়ে ৮টার দিকে বিউটি ঘর থেকে বের হলে হাসান অন্য আসামিদের সহায়তায় তার মুখে এসিড ছুঁড়ে মারে। পরের দিন বিউটির বাবা আলতাফ চৌকিদার পটুয়াখালী সদর থানায় হাসান (৩০), তার ভাই হোসেন (৩২), মামা জামাল চৌকিদার (৫৫) ও মামাতো ভাই নাসিরকে (৩০) আসামি করে মামলা করেন।
৮ আগস্ট তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আলী আকবর ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় হোসেন, জামাল চৌকিদার ও নাসিরকে বেকসুর খালাস দেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০৫১ ঘ.
bdnews24