গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪
যৌথবাহিনী গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র, ৯ রাউন্ড গুলি, ককটেল, চাপাতি উদ্ধার এবং চার ব্যক্তিকে আটক করেছে।
র্যাব সূত্রে জানা গেছে, সদর উপজেলার বড়বাড়ি এলাকা থেকে র্যাব--১১ একটি দল সোমবার রাতে ৬ রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবারসহ মো. হারিস মিয়া (২৪) ও মো. সোহেল ওরফে মুন্সীকে (২৩) গ্রেপ্তার করে।
র্যাব--১১ আরেকটি দল গ্রেপ্তারকৃত বাচ্চু মিয়ার (২৩) স্বীকারোক্তি অনুযায়ি টঙ্গি দত্তপাড়া এলাকার সেলিম মাস্টারের বাড়ির কাছের কবরস্থান থেকে ১টি দেশি এলজি, ১টি ওয়ান শুটারগান, ১৪টি ককটেল এবং ৫০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে।
এদিকে সেনা সদস্যরা সোমবার রাতে টঙ্গির নিশাতনগর এলাকা থেকে ৩ রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তলসহ এটিএম জাবেদ হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে।
