২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে আবারও অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৬

চকরিয়া উপজেলার প্রত্যন্ত খুটাখালি ইউনিয়নের পূর্ণগ্রামে অভিযান চালিয়ে কক্সবাজার জেলা পুলিশ ও বন বিভাগ রোববার বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ছয়জনকে আটক করেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 07:43 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

আটকদের মধ্যে দুজন নারীও আছেন। আটকদের চকরিয়া থানা হাজতে এবং উদ্ধারকৃত অস্ত্র কক্সবাজার নিয়ে যাওয়া হয়েছে।

অভিযানে কক্সবাজার পুলিশের এসপি আনোয়ার কামাল, অতিরিক্ত পুলিশ সুপার ইমাম হোসেন, এএসপি সাইফুদ্দিন শাহীন এবং সদর, টেকনাফ, চকরিয়া ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাসহ ১০০ পুলিশ সদস্য ও বনবিভাগের প্রায় ১০০ কর্মী অংশ নেন।

পুলিশ সূত্র জানায়, রোববার সকালে পুলিশ সুপার আনোয়ার কামাল, অতিরিক্ত পুলিশ সুপার ইমাম হোসেন ও সহকারী পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীনের নেতৃত্বে শতাধিক পুলিশের একটি দল কক্সবাজার শহর থেকে ৫০ কিলোমিটার দূরে খুটাখালীর পূর্ণগ্রামে পৌঁছে। এদিকে পুলিশের পরিকল্পনা মতো এলাকার তিনদিক ঘিরে রাখে বন বিভাগের দেড় শতাধিক বনকর্মী।

পুলিশ সুপার আনোয়ার কামাল জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই সন্ত্রাসীরা টের পেয়ে যায়। চারদিকে পাহাড় ঘেরা পূর্ণগ্রামে সন্ত্রাসীদের স্থাপিত পর্যবেক্ষন টাওয়ার থেকে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপস্থিতির কথা জানানো হলে ১০-- ১২টি বাড়ি থেকে নারী-- পুরুষ পুলিশকে লক্ষ্য করে প্রায় ১৫ রাউন্ড গুলিবর্ষণ করে এবং পুলিশকে লক্ষ্য করে মরিচের গোঁড়া মিশ্রিত পানি ভর্তি বোতল নিক্ষেপ করে। এভাবে প্রায় দুই ঘন্টা চলার পর পুলিশ দুই নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করে এবং বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে ১টি একনলা লম্বা বন্দুক, ২টি এলজি, ১টি পয়েন্ট ৩০৩ এলজি, ১টি পয়েন্ট ২২ বোরের এলজি, ৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি, ৫টি বন্দুকের কার্তুজ, ৬টি কার্তুজের খোসা, ২২টি রাম দা উদ্ধার করে।

এ ছাড়াও একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে বড় রেঞ্জ, হেচকু ব্লেড, ডায়াস মেশিন, বিভিন্ন সাইজের পাইপ, বাতাস করার মেশিন, লোহা পেটানোর যন্ত্র অন্যতম।

এসপি আনোয়ার কামালের সঙ্গে ঢাকা থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, অনেকদিন ধরেই এ আস্তানার খবর ছিল। কিন্তু এলাকাটি দুর্গম হওয়ায় প্রয়োজনীয় লোকবলের অভাবে অভিযান চালানো সম্ভব হচ্ছিল না।

তিনি জানান, এর আগেও বেশ কয়েকবার পুলিশ সেখানে অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছিল।

তাদের ওপর গুলিবর্ষণের সত্যতা স্বীকার করে এসপি আরও বলেন, কত রাউন্ড গুলি করেছে তা জানা যায়নি। তবে ৫/৬টি গুলির খোসা পাওয়া গেছে।  

এই ঘটনায় আটককৃতরা হলেন জামাল হোসেন, মো. আলী, রিয়াজ, আলী হোসেন, সেলিনা আকতার ও মাহমুদা। এরা সবাই পূর্ণ গ্রামের বাসিন্দা।

তবে অতিরিক্ত পুলিশ সুপার ইমাম হোসেন জানান, ওই এলাকায় ১০--১২টি ঘর রয়েছে এবং ওই ঘর গুলিতে ৪০/৫০ জন লোক থাকতো বলে মনে করা হচ্ছে। তারা বনবিভাগের জমি অবৈধভাবে দখল করে ওখানে বসতি স্থাপন করেছিল।