২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াহিদুল হকের মৃত্যুতে চট্টগ্রামে শোকে বিহ্বল সাংস্কৃতিক জগত

বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত গবেষক ও সাংবাদিক ওয়াহিদুল হকের মৃত্যুতে চট্টগ্রামের সাংস্কৃতিক জগতে শোকের ছায়া নেমে এসেছে। শোকে বিহ্বল তার বন্ধুরা বলেছেন, তাদের মনে চির জাগরূক থাকবেন এই কৃতী মানুষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2007, 09:48 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

জানতে চাইলে তার ঘনিষ্ঠজনরা শোকভারাতুর গলায় বলেন, তিনি ছিলেন এক চলমান বিশ্বকোষ। দুই বাংলায় যার জুড়ি মেলা ভার।   

মাস্টার দা সূর্যসেনের সহযোগী প্রবীন বিপ্লবী বিনোদ বিহারী কান্নাজড়ানো গলায় বলেন, “ভাল মানুষরা তাড়াতাড়ি চলে যায়। ওয়াহিদ ছিল তার অন্তরঙ্গ বন্ধু। বর্তমান সময়ে তার মতো এমন সরল, উদার মানসিকতার মানুষ মেলা ভার। যারাই তার সান্নিধ্যে এসেছেন, মধুর, শিষ্ট ব্যবহারে তিনি তাদের আপন করে নিয়েছেন। তার অভাব পূরণ হবার নয়।”

বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ও চট্টগ্রাম প্রিমিয়ার ইউনির্ভাসিটির উপাচার্য অধ্যাপক অনুপম সেন জানান, সাংবাদিকতার সূত্র ধরে চট্টগ্রামে আসার পর ওয়াহিদুল হক শুধু সাংবাদিকতার গণ্ডীর মধ্যে সীমাবদ্ধ থাকেননি। এখানকার সাংস্কৃতিক অঙ্গনেরও একজন প্রাণপ্রিয় মানুষ  হয়ে উঠেছিলেন। আশির দশকের শুরুতে চট্টগ্রামের সকল প্রগতিশীল ও  সাংস্কৃতিক আন্দোলনে ওয়াহিদুল হককে পাওয়া যেত।

তিনি বলেন, “ওয়াহিদুল হক অভূতপূর্ব সাড়া ফেলেছিলেন বন্দরনগরীর সঙ্গীত অঙ্গনে। এখানকার রবীন্দ্র সঙ্গীত পরিষদের প্রাণপুরুষ ছিলেন তিনি। তার কাছে তালিম নিয়েছেন সঙ্গীত শিক্ষক মিহির নন্দী, প্রমোদ দত্ত, মিহির কানুন গোসহ আরো অনেকে। ”

ওয়াহিদুল হকের সাথে ২৫/২৬ বছরের ঘনিষ্ট সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, “কখনও কাউকে বিমুখ করতে দেখিনি তাকে। তার চারিত্রিক দৃঢ়তা ছিল যে কারো জন্য অনুপ্রেরণার।

তিনি আরো বলেন “ওয়াহিদুল হক একজন স্বশিক্ষিত ব্যক্তি ছিলেন। তার জ্ঞানের পরিধি ছিল ব্যাপক। সকল বিষয়ে তার গভীর ও স্পষ্ট জ্ঞান ছিল। তার মৃত্যুতে জাতি বিরল প্রতিভার এক ব্যক্তিত্বকে হারালো। ”

রবীন্দ্র গবেষক ও শিক্ষক ওয়াহিদুল হক সম্পর্কে তার ঘনিষ্ঠ সহযোগী কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, “১৯৭৮ সালে ডেইলি লাইফে যোগদানের জন্য চট্টগ্রামের আসার পর এখানকার সাংস্কৃতিক অঙ্গনের উৎকর্ষ সাধনে তিনি বিরাট ভূমিকা রেখেছেন।

“তিনি মূলত পেশায় সাংবাদিক হলেও জীবনভর এদেশের সাংস্কৃতিক সুরুচি ও সমৃদ্ধ ধারা তৈরির চেষ্টা করেছেন। যেখানেই যেতেন সেখানেই তরুণ ও নব প্রজন্মের শিল্পীদের শুদ্ধ রবীন্দ্র চর্চায় দীক্ষিত করতেন। সারা দেশে তার অসংখ্য ভক্ত, অনুরাগী ও ছাত্রছাত্রী রয়েছেন।

“আমরা এত ঘনিষ্ঠ ছিলাম যে অল্প কথায় তার সম্পর্কে বলা কঠিন। চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে তিনি যুগান্তকারী কাজ করেছেন। ”

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, চট্টগ্রামের ‘ডিসি হিল’ এ প্রতিবছর যে পয়লা বৈশাখের উৎসব হয় সেটি তার হাত দিয়েই শুরু হয়। ১৯৭৮ সালে এখানকার সব সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনকে এক করে তিনি ডিসি হিলে নববর্ষ উদযাপন শুরু করেন।

রবীন্দ্র সংগীত শিল্পীদের সংগঠণ ‘আনন্দধ্বনি’ চট্টগ্রামে তার হাত ধরেই গঠিত হয়। চট্টগ্রামের কবি, সাংস্কৃতিক কর্মী সহ অনেকেই তার সান্নিধ্যে ধন্য হয়েছেন। ’৮০ দশকে তরুন কবিদের সংগঠন অচিরা পাঠচক্রের নিয়মিত বৈঠকে প্রতি সপ্তাহে তিনি দর্শন, সাহিত্য, শিল্প, ইতিহাসসহ নানা বিষয়ে তরুনদের জ্ঞানদান করতেন।

আবুল মোমেন বলেন, “ওয়াহিদুল হক ছিলেন একটা ‘চলমান বিশ্বকোষ’। সব বিষয়ে তার জ্ঞানের ধরন ছিল এনসাইক্লোপেডিক।”

রবীন্দ্র সঙ্গীত শিল্পী এবং ওয়াহিদুল হকের ভক্ত--সহচর প্রমোদ দত্ত বলেন, “আমরা আসলে পিতৃতুল্য কাউকে হারালাম। রবীন্দ্র সঙ্গীতের প্রচার ও প্রসারে তিনি যে অবদান রেখে গেছেন তা এককথায় অনন্যসাধারণ।

দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত পর্যন্ত তিনি রবীন্দ্র সঙ্গীতকে ছড়িয়ে দিতে শিক্ষকের ভূমিকা পালন করে গেছেন। একজন সংগীত গুরুর এ প্রচেষ্টা যেন অক্ষুন্ন থাকে।”

চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদীর সহকারী সম্পাদক সিদ্দিক আহমদ তার শিক্ষাগুরু ওয়াহিদুল হকের মৃত্যুকে দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য একটি বড় ক্ষতি উল্লেখ করে বলেন, “আমি মনে করি দুই বাংলার মধ্যে সর্বশ্রেষ্ঠ রবীন্দ্র সঙ্গীত বিশেষজ্ঞকে আমরা হারালাম। এ শূন্যতা অন্তত বাংলাদেশে পূরণ হবার নয়।

“শুধু সঙ্গীতে নয় চট্টগ্রামের ইংরেজি দৈনিক ডেইলি লাইফের  সম্পাদক থাকাকালে অনেক সাংবাদিক তার কাছে হাতে খড়ি নিয়েছিল। তাদের অনেকেই আজ দেশের প্রথিতযশা সাংবাদিক। ডেইলি লাইফ কর্তৃপক্ষের সাথে নানা বিষয়ে মতবিরোধ দেখা দেওয়ায় তিনি সম্পাদকের চাকুরি থেকে ইস্তফা দিয়ে চট্টগ্রাম ছেড়ে চলে যান।”         

চট্টগ্রামের বিশিষ্ট নাট্যজন প্রদীপ দেওয়ানজি বলেন, “ওয়াহিদুল হকের মহাপ্রয়ানে শুধু সংগীত জগত নয় ক্ষতিগ্রস্থ হয়েছেন বাংলাদেশের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। সব ধরণের অন্ধকারের বিরুদ্ধে তিনি ছিলেন আজীবন সোচ্চার। বিশেষ করে মৌলবাদী অপতৎপরতার বিপক্ষে তার ভূমিকা অনুকরনীয়।”