সাভারে ভেজাল সারের কারখানা আবিষ্কার, সিরাজগঞ্জে ১২০০ বস্তা সার আটক
সাভারের বিভিন্ন স্থানে যৌথবাহিনী সোমবার রাতে অভিযান চালিয়ে তিনটি ভেজাল সার কারখানা আবিষ্কার করেছে। এ সময় ১১৫০ বস্তা ভেজাল সারসহ ১৩ জনকে আটক করা হয়। যৌথবাহিনী একটি কারখানা গুঁড়িয়ে দিয়েছে।
এদিকে, সিরাজগঞ্জের রায়গঞ্জ ও চৌহালী উপজেলায় মঙ্গলবার যৌথবাহিনীর অভিযানের সময় মজুদদারির অভিযোগে ১২০০ বস্তা ইউরিয়া সার আটক করা হয়।
সাভার প্রতিনিধি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা সোমবার সন্ধ্যা সাতটার দিকে সাভার পৌর এলাকার উত্তর জামসিং মহল্লায় সুয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান তুলার মালিকানাধীন একটি ভেজাল সার কারখানায় অভিযান চালায়।
সেখান থেকে ৫৯০ বস্তা সারসহ ১০টি মিক্সার মেশিন, সেলাই মেশিন ও ভেজাল সার তৈরির বিভিন্ন উপকরণ আটক করা হয়। অভিযানের সময় স্থানীয়দের সহায়তায় যৌথবাহিনীর সদস্যরা কারখানাটি গুঁড়িয়ে দেয়। কারখানার মালিক হাবিবুর রহমান তুলাকে ধরা যায়নি।
রাত ৮টার সময় পৌর এলাকার ছায়বিথী মহল্লায় কে এন্ড এস নামে মুরগির ওষুধ প্রস্তুতকারক একটি কম্পানিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে শতাধিক বস্তা ভেজাল সার উদ্ধার করে। সেখান থেকে সার তৈরির কয়েকটি যন্ত্রও আটক করা হয়েছে।
অভিযানের সময় কোম্পানির মালিক সাভার পশু হাসপাতালের কর্মচারী শহিদুল্লাহ কায়ছার পালিয়ে যায়। সেনাবাহিনীর সাভার ক্যাম্প ইনচার্জ মেজর মো. রেজাউল রহমান (পিএসসি) ও লেফটেন্যান্ট ইমরান অভিযানের নেতৃত্ব দেন।
সোমবার মধ্যরাতে সাভার উপজেলার দামসোনা ইউনিয়নের দক্ষিণ--গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে “জিপু সার” নামের আরেকটি ভেজাল সার কারখানা আবিষ্কার করে পুলিশ। সেখান থেকে ৩৫০ বস্তা নকল সার উদ্ধার ও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মোখলেছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দক্ষিণ--গাজির চট মহল্লার “জিপু সার” কারখানায় অভিযান চালিয়ে ৩৫০ বস্তা ভেজাল সারসহ সার তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে।
এ সময় জামাল উদ্দিন (১৮), সাইফুল ইসলাম(১৭), মোস্তফা (২১), মহিন (২৫), কাইয়ুম (২০), ফরহাদ (১৮), মনসুর (১৭), দুলাল (১৮), বাবুল মিয়া (২৫), জামাল উদ্দিন (৩৫), নাজিম উদ্দিন (২৬), ভূটু মিয়া (১৭) ও নুরল আফসারকে (২৯) গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জ ও চৌহালী উপজেলায় মঙ্গলবার যৌথবাহিনী অবৈধ মজুদবিরোধী অভিযান চালিয়ে ১২০০ বস্তা ইউরিয়া সার আটক ও একজনকে গ্রেপ্তার করেছে।
সেনাবাহিনীর ৬ ক্যাভেলারির মেজর দিদার জানান, চৌহালীর বাজার এলাকা থেকে অবৈধভাবে মজুদ রাখা ১১৬৩ ব্যাগ ইউরিয়াসহ মোহাম্মদ রিয়াজকে (৩৮) সকালে গ্রেপ্তার করে চৌহালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এছাড়া, রায়গঞ্জ উপজেলার সাহেব বাজার এলাকা থেকে দুপুরে ব্যবসায়ী পরিমলের দোকান থেকে ৩৭ বস্তা সার আটক করা হয়। পরিমল পলাতক। এ ব্যাপারে স্থানীয় কৃষি কর্মকর্তা রায়গঞ্জ থানায় মামলা করেছেন।
