জামিন পেলেও মুক্তি পাননি চট্টগ্রামের ওয়ার্ড কমিশনার হাজারী
সেনা সদস্যদের হাতে গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্দরকিল্লা ওয়ার্ডের কমিশনার জহরলাল হাজারী বুধবার মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পেয়েছেন। কিন্তু একই দিন কোতোয়ালী থানার অপর একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোয় কারাগার থেকে তিনি মুক্তি পাননি।
আদালত সূত্র জানায়, মহানগর দায়রা জজ এ কে এম আনোয়ার হোসেনের আদালতে বুধবার কমিশনার হাজারীর আইনজীবীরা তার জামিনের আবেদন জানালে আদালত ১ লাখ টাকা জামানত এবং প্রতিদিন আদালতে হাজিরা দেওয়ার শর্তে তা মঞ্জুর করে।
হাজারীর অন্যতম আইনজীবী ইফতেখার সাইমুম চৌধুরী এবং রাষ্ট্র পক্ষের পিপি অ্যাডভোকেট আবদুস সাত্তার নফহবংি২৪.পড়স-কে জানান, সেনা সদস্যদের হাতে গ্রেপ্তারকৃত কমিশনার মহানগর আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পান। তবে তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছার আগেই নিম্ন আদালতে অপর এক মামলার রায়ে বুধবার তার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয়।
এ কারণে কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়নি বলে নিশ্চিত করেছেন পিপি আবদুস সাত্তার।
উল্লেখ্য, সেনা সদস্যরা রোববার রাতে কমিশনার হাজারীকে তার হাজারী লেইনের বাসা থেকে আটক করার পর পুলিশে সোপর্দ করে। সোমবার পুলিশ তাকে নিম্ন আদালতে উপস্থিত করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেয়।
