রাজশাহীর বাগমারায় যৌথ অভিযানে আটক ৩৬
যৌথ অভিযানে বুধবার ভোর রাত থেকে বাগমারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে সন্ত্রাসী সন্দেহে ৩৬ জনকে আটক করেছে বাগমারা থানা পুলিশ।
প্রাথমিক জ্ঞিাসাবাদ শেষে সন্ত্রাসের সাথে সম্পৃক্ততা না থাকায় এদের মধ্যে ২১ জনকে ছেড়ে দেয়া হয়। তবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড এবং সর্বহারার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাকি ১৫ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে তারা হলেন-- গোয়ালকান্দি ইউনিয়নের সাজুরিয়া গ্রামের বেলাল হোসেন (২৪), আমজাদ হোসেন (২৮), কামাল হোসেন (৩০), জুয়েল রানা (২০), ঝিকরগাছা ইউনিয়নের শ্যানোপাড়া গ্রামের আব্দুল মান্নান (৩০), রামরামা গ্রামের শাহীন (২৫), আব্দুল কুদ্দুস (২৮), বাড়ইপাড়া গ্রামের স্কুল শিক্ষক শহিদুল ইসলাম, সুলতানপুর গ্রামের খোরশেদ আলম, জগিপাড়া ইউনিয়নের পলাশী গ্রামের কান্দু (৩৫), মোজাম্মেল হক (২৮), রহমত আলী (২৮), তৈয়ব উল্লাহ, তাহেরপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক দেলবর হোসেন ও ভজখালি গ্রামের মনসুর প্রমুখ।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা গোলাম সারোয়ার জানান, “গ্রেফতারকৃতদের মধ্যে আদালতে পাঠানো ১৫জনকে চরমপন্থী বলে আটক করা হয়েছে। তবে যাদের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায়নি তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”
