২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএমই খাতের বিকাশে এডিবি সহায়তা বাড়াবে

বাংলাদেশ সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উন্নয়ন নীতি কৌশল বাস্তবায়ন অগ্রগতিতে এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সন্তোষ প্রকাশ করেছে। প্রকল্প বাস্তবায়নের চলমান ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে এদেশের এসএমই খাতের বিকাশে এডিবির সহায়তা আরও জোরদার করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 08:35 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বাংলাদেশে নিযুক্ত এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মিজ হু দু বুধবার শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরীর সঙ্গে শিল্প মন্ত্রণালয়ে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন। বুধবার এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়।

উল্লেখ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের বিকাশের লক্ষ্যে এডিবির সাড়ে তিনশ কোটি টাকার (৫০ মিলিয়ন মার্কিন ডলার) আর্থিক ও কারিগরি সহায়তায় শিল্প মন্ত্রণালয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।

সাক্ষাৎকালে তারা প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনায় এসএমই ফাউন্ডেশন গঠন, বিসিক পুনর্গঠন, নারী উদ্যোক্তা সৃষ্টি, এসএমই ডাটাবেস তৈরি, প্রকল্পে পরামর্শক নিয়োগ, বিএসটিআইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কারিগরি ক্ষমতা বৃদ্ধির বিষয়ে সাম্প্রতিক অগ্রগতি বিশেষভাবে স্থান পায়।

শিল্প উপদেষ্টা বলেন, সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনা করছে। তিনি বলেন, দেশের এসএমই প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে একটি বিরাট অংশ নারী উদ্যোক্তা হওয়ায় এ খাতের উন্নয়নের প্রতি সরকার অগ্রাধিকার দেবে।

এসএমই খাতের যথাযথ বিকাশের জন্য খুব শিগগিরই নবগঠিত এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

হুয়া দু বলেন, বাংলাদেশের দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়নসহ আর্থ--সামাজিক উন্নয়নে এসএমই খাতের অবদান খুবই গুরুত্বপূর্ণ। তিনি এসএমই খাতের উন্নয়নে এডিবি গৃহীত প্রকল্পের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে সবাই একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শিল্প সচিব ড. মো. নুরুল আমীন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এসএমই এসডিপি প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এ সময় উপস্থিত ছিলেন।