বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করবে সরকার
তত্ত্বাবধায়ক সরকার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০০৭ উদযাপনের লক্ষ্যে বিশেষ কর্মসূচি নিতে যাচ্ছে।
এ লক্ষ্যে বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মেজর জেনারেল এম এ মতিন এতে সভাপতিত্ব করেন।
সভায় উপদেষ্টা বলেন, “স্বাধীনতা অর্জন আমাদের জাতীয় জীবনে যে কয়টি বিশেষ অর্জন রয়েছে তার মধ্যে একটি অন্যতম মহৎ প্রাপ্তি। মহান স্বাধীনতা দিবস বিশেষ স্বকীয়তায় ভাস্বর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত দিন।”
তিনি এ সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের জাতীয় কর্মসূচি, সুন্দর ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উপস্থাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের খসড়া আলোচনা শেষে তা চূড়ান্ত করার জন্য সুপারিশ করা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানমালা আকর্ষণীয়, বর্ণাঢ্য ও উপভোগ্য করার গুরুত্বারোপসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং সংস্থার দায়িত্ব ও কার্যক্রম নির্ধারণ এবং সংশ্লিষ্টদের অনুকূলে বাজেট বরাদ্দ চূড়ান্ত হয়।
সভায় কর্মসূচিকে সফল করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে আহ্বায়ক করে একটি স্টিয়ারিং কমিটি গঠিত হয।
এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর জিওসি, নবম পদাতিক ডিভিশনকে আহ্বায়ক করে সাভার জাতীয় স্মৃতিসৌধে সশস্ত্র সালামী ও পুষ্পস্তবক অর্পণ কমিটি, সম্মিলিত কুচকাওয়াজ ব্যবস্থাপনা কমিটি, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রশাসন ও প্রেসকে আহ্বায়ক করে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী প্রণয়ন ও তথ্য মন্ত্রণালয়ের অন্যান্য কার্যাবলী সংক্রান্ত উপ-- কমিটি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে আহ্বায়ক করে নিরাপত্তা, ট্রাফিক ও পুলিশের ব্যবস্থাপনা উপ-- কমিটি গঠিত হয়।
সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা, সামরিক বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন বিভাগ, অধিদপ্তর ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
