২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি-- আ. লীগ সরকার যা পারেনি এ সরকার তাই পেরেছে: ড. এম জহির

ড. এম জহির বিচার বিভাগ পৃথককরণে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকার প্রশংসা করে বলেছেন, বিএনপি ও আওয়ামী লীগ সরকার যা পারেনি তত্ত্বাবধায়ক সরকার তা পেরেছে। এজন্য তত্ত্বাবধায়ক সরকার অভিনন্দন পাওয়ার যোগ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 07:15 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

তিনি বলেন, “ইচ্ছা থাকলে উপায় হয়। তত্ত্বাবধায়ক সরকারের ইচ্ছা ছিল। সুপ্রিম কোর্টের এক তাড়ায় বিচার বিভাগ পৃথককরণের কাজ প্রায় হয়ে গেছে। তরী এখন প্রায় তীরে এসে গেছে। এখন ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশ দ্রুত জারি হবে বলে আশা করছি।”

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, “সদিচ্ছা থাকলে সবকিছুই করা যায়। সদিচ্ছার অভাব থাকলে সবচেয়ে সহজ কাজও সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে।”

তিনি আরও বলেন, বিগত পাঁচ বছরে যারা ক্ষমতায় ছিল তাদের সদিচ্ছার অভাবের কারণে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণ সম্পন্ন হয়নি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দুই দিনের মধ্যে যথাযথ পদক্ষেপ নিয়ে মাজদার হোসেন মামলার রায় বাস্তবায়ন করে বিগত সরকারের পদক্ষেপ যে দূরভিসন্ধিমূলক ছিল তা প্রমাণ করেছে।

আদালত অবমাননায় অভিযুক্ত নয় সরকারি কর্মকর্তার কৌসুলি সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান বলেন, আপিল বিভাগের নির্দেশনা সরকার হুবহু বাস্তবায়ন করতে যাচ্ছে। সরকারের এ কাজ প্রশংসার যোগ্য।