২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে যৌথবাহিনীর হেফাজতে একজনের মৃত্যু

রাজধানীর পল্টন থানা এলাকায় বুধবার ভোরে অস্ত্র উদ্ধার অভিযান চালানোর সময় যৌথ বাহিনীর হেফাজতে এক সন্দেহভাজন সন্ত্রাসীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 06:00 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

এ ঘটনায় সেনা সার্জেন্ট মোহাম্মদ আবদুল মজিদ পল্টন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। এতে তিনি বলেছেন, সন্দেহভাজন সন্ত্রাসী মোহাম্মদ রিপন (৩৫) ৪০/৪ পল্টনের একটি নির্মাণাধীন ভবন থেকে লাফিয়ে পড়লে তার মৃত্যু হয়।

নিহত রিপন নগরীর সবুজবাগ থানার ১৫৬/৩ দক্ষিণ মুগদাপাড়ার মোহাম্মদ শহীদুল্লার ছেলে। তিনি মুগদা বড়বাজারের রাফি জেনারেটরের মালিক ছিলেন।

রাফি জেনারেটরের কর্মচারি মোহাম্মদ সজল সাংবাদিকদের জানান, মঙ্গলবার দুপুর ১ টার দিকে দোকানের পাশে আড্ডা দেওয়ার সময় সেনা সদস্যরা রিপনকে তার অপর তিন বন্ধুর সঙ্গে আটক করে নিয়ে আসে। কিন্তু তারা অন্যদের ছেড়ে দিলেও রিপনকে আটকে রাখে। পরে তিনি পুলিশের কাছ থেকে তার মৃত্যুর খবর জানতে পারেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ডিএমসি) সূত্র জানায়, সৈনিক হাবিব (১৪--ইঞ্জিনিয়ারিং ব্রিগেড) রিপনকে ডিএমসিতে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।   

তার মাথা, পা, হাত ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে ডিএমসি সূত্র জানায়।  

পল্টন থানায় দায়ের করা অপমৃত্যু মামলায় সেনা সার্জেন্ট আবদুল মজিদ বলেছেন, রিপনকে আটকের পর মঙ্গলবার সন্ধ্যায় সেনা সদস্যরা তাকে নিয়ে একটি কবরস্থানে অভিযান চালান। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারের জন্য পল্টনে যান।     

রিপনকে সঙ্গে নিয়ে সেনা সদস্যরা নির্মাণাধীন একটি ভবনে পৌঁছানোর পর সে লাফ দেয়।

সেনা বাহিনীর দাবি, নিহত রিপন হত্যাসহ একাধিক মামলার আসামী ছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, রিপনের বড় ভাই মোহাম্মদ রনি চার বছর আগে পুলিশ হেফাজতে মারা যান। তার পরিবারের সদস্যদের দাবি, পুলিশী নির্যাতনে তার মৃত্যু হয়েছিল।

রিপনের চাচাতো ভাই রেজাউল হাসান নফহবংি২৪.পড়স কে বলেন, “আমরা এই মাত্র রিপনের মৃত্যুর খবর জানতে পেরেছি। এর বেশি কিছু আমরা জানি না।”

পল্টন থানা পুলিশ জানায়, মামলার বাইরে কোন কিছু তাদের জানা নেই।

অন্যদিকে রিপনকে সবুজবাগ থানার মুগদাপাড়া থেকে গ্রেপ্তার করা হলেও সবুজবাগ থানা পুলিশ বলেছে, এ ব্যাপারে তারা কিছু জানে না।