২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীদের অবহেলা করে সুন্দর সমাজ হয় না : গীতিআরা

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী নারী সমাজের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেছেন, নারী সমাজকে অবহেলিত রেখে সুন্দর সমাজ ও দেশ গঠন কল্পনা করা যায় না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 09:19 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

ঢাকায় মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থার কার্যালয় পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল হক, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক অধ্যাপক ফিরোজা বেগম এ সময় উপস্থিত ছিলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মতবিনিময় সভায় উপদেষ্টা দেশের সার্বিক উন্নয়নে নারী সমাজকে সম্পৃক্ত করার জন্য তাদেরকে সময় উপযোগী প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানান।

এর আগে তিনি জাতীয় মহিলা সংস্থা পরিচালিত কম্পিউটার, সেলাই, ব্লক, বাটিক, ক্যাটারিং, ইন্টেরিয়র ডিজাইনিং, ফ্যাশন ডিজাইনিং ও বিউটিফিকেশন প্রশিক্ষণ কর্মসূচি, নারী নির্যাতন প্রতিরোধ সেলসহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন।