২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম ওসমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমান ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম ওসমানকে একটি চুরির মামলায় ‘পলাতক’ দেখিয়ে ১০ দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার জন্য মঙ্গলবার পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 08:32 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আহসান হাবিব জেলা ম্যাজিস্ট্রেটের পদাধিকার বলে বিজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। মঙ্গলবার নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত একটি দৈনিকে বিজ্ঞাপনটি ছাপা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখা থেকে দেওয়া বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নারায়ণগঞ্জ থানায় ২০০১ সালের ২২ ডিসেম্বর দায়ের করা একটি মামলায় (জিআর নং-- ৭৯০/২০০১, ধারা ৩৬৫/৩৪২/৩৮৫/৩৮৬/৮৪ দণ্ডবিধি) পাঁচজন আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

ফৌজদারি কর্মবিধি ১৯৯৮ এর ৮৭ ধারার ও ৮৮ ধারার বিধান মতে আসামীদের বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিচার এড়ানোর জন্য আসামীরা পলাতক বা আত্মগোপন করে রয়েছে।

বিজ্ঞাপনে বলা হয়, আসামীদের শিগগির গ্রেপ্তার করার সম্ভাবনা নেই। তাই ওই বিধির ৩৩৯ বি (১) ধারার বিধান অনুসারে আসামীদের সংশ্লিষ্ট আদালতে বিজ্ঞাপন প্রকাশের ১০ দিনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলো। অন্যথায় আসামীদের অনুপস্থিতিতে বিচার কাজ শেষ করা হবে।

আসামীরা হচ্ছেন সাবেক এমপি নাসিম ওসমান, তার স্ত্রী পারভীন ওসমান, ছেলে আজমেরী ওসমান, ভাই সাবেক এমপি শামীম ওসমান, নাসিম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী, প্রয়াত বিএনপি নেতা তারু সরদারের ভাই রেজাউল করিম রেজা।

এ ব্যাপারে শামীম ওসমান ও নাসিম ওসমানের আইনজীবী জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান দীপু জানান, “এই মামলার আসামী নাসিম ওসমান ও পারভীন ওসমান সম্পর্কে হাইকোর্ট গত ১৪ জানুয়ারি একটি আদেশে চার সপ্তাহের মধ্যে তাদের হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে দুজনকে ঢাকা জেলা দায়রা জজ আদালতে হাজির হওয়ারও আদেশ দেন।”

দীপু বলেন, এরপরও নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট পত্রিকায় এভাবে কেন বিজ্ঞাপন দিলেন বোধগম্য নয়।

উল্লেখ্য শামীম ও নাসিম ওসমানের বিরুদ্ধে দায়ের করা মামলাটির বাদী ইসমত হাশেম এক সময় নাসিম ওসমানের ঘনিষ্ঠ ছিলেন। তারা একই ভবনে থাকতেন। ইসমত হাশেম বঙ্গবন্ধু ও জেল হত্যা মামলার আসামী ক্যাপ্টেন (অব.) কিসমত হাশেম ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক শওকত হাশেম শকুর ভাই।

২০০১ সালে চুরির মামলাটি দায়েরের পরপরই নাসিম ও শামীম ওসমানের অপর ভাই সেলিম ওসমানের মধ্যস্ততায় বাদী ইসমত হাশেমের সঙ্গে আপস হয়।

ইসমত হাশেম মামলার ব্যাপারে কথা বলতে এখন আর উৎসাহী নন। আপসরফার বিষয়টি তিনি অস্বীকার করেননি।