২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপি নেতা ও বন্দর সিবিএ নেতা আটক

সেনা সদস্যরা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরী এবং চট্টগ্রাম বন্দর সিবিএ এর সাধারণ সম্পাদক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা নুরুল্লাহ বাহারকে আটক করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 05:24 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

দস্তগীর চৌধুরীকে তার বাসা থেকে সোমবার এবং নুরুল্লাহ বাহারকে মঙ্গলবার আট করা হয়েছে। তাদেরকে এখনও থানায় হস্তান্তর করা হয়নি বলে জানা গেছে।

দস্তগীর চৌধুরী দীর্ঘদিন থেকে চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ২০০৫ সালের জুন মাসে মহানগর কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়।

অপরদিকে বিএনপি সমর্থিত শ্রমিক নেতা নুরুল্লাহ বাহার দীর্ঘদিন থেকে বন্দর সিবিএ এর সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। বন্দর সংশ্লিষ্ট সকল কার্যক্রমে তার ব্যাপক প্রভাব রয়েছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে সোমবার রাতে আটককৃত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর দুই ভাগ্নে আরিফ ও শিমুলকে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার সকালে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে রোববার সিটি মেয়রের অপর ভাগ্নে মামুনকেও সেনা সদস্যরা জিজ্ঞাসাবাদের পর সোমবার ছেড়ে দেয়। সিটি মেয়রের ষোলশহরের চশমা হিলের বাসভবন এলাকা থেকে সোমবার রাতে সেনাবাহিনী তাদের আটক করেছিল।