কুষ্টিয়ায় প্রতিপক্ষের গুলিতে 'চরমপন্থি' দলের সদস্য নিহত
সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বরইটুপি গ্রামে রোববার রাতে মিলন (৩৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
পুলিশ দাবি করেছে, নিহত মিলন নিষিদ্ধ ঘোষিত ‘চরমপন্থি’ সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য। এদের প্রতিপক্ষ অপর ‘চরমপন্থি’ সংগঠন গণমুক্তি ফৌজ এই ঘটনা ঘটিয়েছে।
হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করে ‘চরমপন্থি’ সংগঠন গণমুক্তি ফৌজের কেন্দ্রীয় নেতার পরিচয়ে শিমুল নামের এক ব্যক্তি ০১১৯৮০৫৬৮২০ নম্বরের মোবাইল থেকে স্থানীয় পত্রিকায় বিবৃতি দিয়েছে।
এলাকাবাসী জানায়, বরইটুপি গ্রামের সাজ্জাদ আলীর ছেলে মিলনকে রোববার রাতে তার বাড়ি থেকে প্রতিপক্ষের সদস্যরা অপহরণ করে নিয়ে যায়। এরপর একই ইউনিয়নের দূর্বাচারা গ্রামে তাকে গুলি করে হত্যার পর লাশ ফেলে রেখে যায়।
নিহত মিলন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি প্রধান লাল্টুর অন্যতম সহযোগী বলে গ্রামবাসীরা দাবি করেন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশ সুপার মঈনুল ইসলাম নফহবংি২৪.পড়স কে বলেন,“ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত গণমুক্তি ফৌজের সদস্যরা তাকে হত্যা করেছে।”
