সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে পরিবর্তন
নতুন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর পরিবর্তন এসেছে সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়েও। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার তিনদিনের মাথায় বরখাস্ত করা হয়েছে মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীকে।
রোববার রাতে সামরিক বাহিনীর সূত্র জানায়, রেজ্জাকুল হায়দারকে বৃহস্পতিবার এনএসআইয়ের প্রধানের পদ থেকে সরিয়ে সেনা সদর দপ্তরে নিয়ে আসা হয়। এ ঘটনার তিনদিনের মাথায় চাকরিচ্যুত হলেন তিনি। এনএসআইয়ের আগে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এ কাজ করেছেন।
এদিকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) অধিনায়ক পদ থেকে বৃহস্পতিবার ব্রিগেডিয়ার জেনারেল আবু মোহাম্মদ সোহেলকে বদলি করে রোববার এ পদে ব্রিগেডিয়ার জেনারেল আজিমুল্লাহ বাহারকে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়াও রোববার সেনাবাহিনীর বিভিন্ন পদে আরো কিছু রদবদল হয়। এর মধ্যে ৪৬ ব্রিগেডের কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মাহফুজুর রহমানকে বদলি করা হয়। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল হাকিম।
প্রধানমন্ত্রীর সামরিক সচিব (এমএসপিএম) পদ থেকে ব্রিগেডিয়ার জেনারেল ওয়াজেদ ঠাকুরকে বদলি করে ওই পদে ব্রিগেডিয়ার জেনারেল আমিন তারেককে নিয়োগ দেওয়া হয়েছে।
একইসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আজমীকে ঘাটাইল ব্রিগেডের কমান্ডার পদ থেকে ন্যাশনাল ডিফেন্স কলেজে বদলি করা হয়েছে।
এসব বদলির আদেশ নিশ্চিত করার জন্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ সংক্রান্ত কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করে।
আইএসপিআর এর পক্ষ থেকে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ মনিটরিং সেল থেকে এসব তথ্য সাংবাদিকদের জানানো হবে। ওই সেলে ফোন করেও বিষয়টি নিশ্চিত করা যায়নি।
