নতুন সরকারের মেয়াদ উপদেষ্টারাও জানেন না
ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকার কতদিন থাকবে তা উপদেষ্টারাও জানেন না। নিয়োগ দেওয়ার সময় মেয়াদকাল সম্পর্কে নবনিযুক্ত পাঁচ উপদেষ্টাদের কিছু জানানো হয়নি। এম এ মতিনের সঙ্গে কথা বলে জানাচ্ছেন এহসানুল হক বাবু।
সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে নবনিযুক্ত উপদেষ্টা এম এ মতিন সাংবাদিকদের বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল কত দিন হবে সে সম্পর্কে আমাদের কিছু বলা হয়নি। তবে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচনের অনুষ্ঠানের জন্য যত দ্রুত সম্ভব আমরা ব্যবস্থা নেব।”
এম এ মতিন আরও বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে ভোটার তালিকা, ভোটার পরিচয়পত্র, স্বচ্ছ ব্যালট বক্স তৈরি, নির্বাচন কমিশন সংস্কার এবং প্রশাসন দলীয়মুক্ত করা হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন সবার জন্য ভোটার পরিচয়পত্র তৈরি করতে দুই বছর লাগতে পারে।
ভোট সংক্রান্ত সব বিষয়েই রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করা হবে বলে সাংবাদিকদের জানান মতিন। সাবেক এ সেনা কর্মকর্তা বলেন, “এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। তারা যদি রাজি হয় তবে ২০০১ সালের ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন সম্পন্ন করা হবে। তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া ভোটারদের তালিকায় অর্ন্তভুক্ত করা হবে।”
জরুরি অবস্থার মেয়াদকাল দীর্ঘায়িত করা ঠিক হবে না বলে মনে করেন এম এ মতিন। তিনি বলেন, “আমাদের ওপর যদি জনগণ এবং রাজনৈতিক দলগুলো আস্থা রাখে তবে খুব বেশিদিন জরুরি অবস্থা রাখার দরকার নেই।” জরুরি অবস্থার মধ্যেও জনগণের মৌলিক অধিকার যতদূর সম্ভব অক্ষুন্নু রাখা হবে বলে জানান তিনি।
যোগাযোগ, নৌ পরিবহন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এম এ মতিন বলেন, “মঙ্গলবার চার মন্ত্রনালয়ের সচিবদের সাথে আমি বৈঠক করবো। দুর্নীতির বিষয়ে আমি কঠোরভাবে হস্তক্ষেপ করবো এবং এক্ষেত্রে কারো অযৌক্তিক দাবি শুনবো না তেমনি আমি নিজেও কোন অযৌক্তিক অনুরোধ কাউকে করবো না।”
বাকি পাঁচ উপদেষ্টা কবে নিয়োগ করা হবে জানতে চাইলে এম এ মতিন বলেন, “বিষয়টি আমি প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেন, যত দ্রুত সম্ভব বাকি পাঁচ উপদেষ্টাকে নিয়োগ করা হবে।”
