২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গুলি ও বোমায় বালু ব্যবসায়ী নিহত

সাভারের বেগুনবাড়িতে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলায় রোববার সন্ধ্যায় আব্দুর রউফ (৪০) নামে এক বালু ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 10:36 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

এছাড়া আবু জাফর (২৫) নামে গুলিবিদ্ধ অপর একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পেটের ডানপাশে দুটি গুলি লেগেছে।

নিহত আব্দুর রউফ সাভার থানার বেগুনবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। রউফ দুই ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয় এবং তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের মা পারুল বেগম জানান, আব্দুর রউফ সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে কথা বলার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ও বোমা ছুঁড়ে পালিয়ে যায়। রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে হামলার কারণ সম্পর্কে পারুল বেগম কোন কিছু জানাতে পারেননি।

এ ব্যাপারে সাভার থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা পিএসআই মহসীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে না আসা পর্যন্ত হামলার  কারণ জানানো সম্ভব নয়।