হাসপাতালে ঢুকে মানসিক রোগীকে মারধর করেছে র্যাব
মানসিক হাসপাতাল ক্যাম্পাসে ঢুকে এক র্যাব কর্মকর্তা এক মানসিক রোগীকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে।
পাবনা মানসিক সূত্র জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে র্যাব-- ১২ পাবনা ক্যাম্পের জনৈক কর্মকর্তার স্ত্রী এবং আত্মীয় পাবনা মানসিক হাসপাতালে বেড়াতে যান।
এ সময় তাদের দেখে হাসপাতালের ১ নং পেয়িং বেডে চিকিৎসাধীন মানসিক রোগী সুমন (২৭) অশোভন অঙ্গভঙ্গি করে।
ঘটনাটি জানতে পেরে বিক্ষুদ্ধ র্যাব কর্মকর্তা অধিনস্ত র্যাবের কয়েকজন সদস্যকে নিয়ে মানসিক হাসপাতালে ছুটে যান এবং সুমনকে মারধর করেন। এতে সুমন অসুস্থ হয়ে পড়ে।
শনিবার সকালে পাবনা মানসিক হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে এক জরুরি বৈঠক করেন এবং ঘটনাটি পাবনার জেলা প্রশাসক ও র্যাবের আঞ্চলিক কমান্ডারকে জানান।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আহসানুল হাবীবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সময় যেসব কর্মকর্তা--কর্মচারী উপস্থিত ছিলেন তাদের জবানবন্দি নেওয়া হচ্ছে।
সোমবার বিষয়টি স্বাস্থ্য বিভাগ ও র্যাবের মহাপরিচালককে চিঠি দিযে জানানো হবে বলে তিনি জানান।
এদিকে র্যাব--১২ পাবনা ক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন শফিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি খুবই সামান্য। তবে হাসপাতালের কিছু অসাধু কর্মচারী বিষয়টি বড় করার চেষ্টা করছে। তারপরেও বিষয়টি আমরা দেখছি।”
