২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

চট্টগ্রামের দুটি তৈরি পোশাক কারখানার কয়েকশ’ শ্রমিক বকেয়া বেতনের দাবিতে শনিবার দুপুরে নগরীর দেওয়ানহাটে প্রায় দু’ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ডিসেম্বরের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বেলা ১ টার দিকে কাসন ফ্যাশন প্রাইভেট লিমিটেড ও কাস গার্মেন্টস লিমিটেডের পাঁচ শতাধিক নারী ও পুরুষ শ্রমিক দেওয়ানহাট মোড়ের রাস্তায় এসে প্রায় দুই ঘন্টাব্যাপী এ অবরোধ সৃষ্টি করে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 08:23 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

ফলে বাণিজ্যিক এলাকা আগ্রাবাদসহ আশেপাশের সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এ সময় দুটি সিএনজি চালিত বেবিট্যাক্সি ভাংচুর করার ঘটনা ঘটে।

পরে বিজিএমইএ নেতৃবৃন্দ এবং পুলিশ ও র‌্যাবের উপস্থিতিতে কারখানা দুটির কর্মকর্তাদের রোববারের মধ্যে বেতন প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা বিকাল তিনটায় অবরোধ প্রত্যাহার করে নেয়।

কাস গার্মেন্টসের শ্রমিক নূর হোসেন জানান, ঈদের আগে তাদের বেতন ও বোনাস দেওয়ার কথা থাকলেও এখনও ডিসেম্বরের বেতনই পরিশোধ করা হয়নি।

অপরদিকে কাসন ফ্যাশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সোলেয়মান বলেন, “আমরা মাসের প্রথম সপ্তাহেই বেতন পরিশোধ করি। কিন্তু এবার অবরোধের কারণে বন্দর অচল থাকায় আমরা বেশ কিছু পণ্য খালাস করতে পারিনি। তাই এবার বেতন দিতে দেরি হচ্ছে।”

তিনি বলেন, “১৫ জানুয়ারির মধ্যে বেতন দেওয়া হবে বলে জানালেও শ্রমিকরা তা মানেনি।”