২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারঘাটে কিশোরীকে আটক করে নির্যাতনের অভিযোগ

অপহরণ মামলা থেকে বাঁচতে চারঘাটে শিল্পী নামের এক কিশোরীকে এক সপ্তাহ ধরে নিজ বাড়িতে আটকে রেখে পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের এক কমিশনার নির্যাতন চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন তার অভিভাবকরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 04:42 AM

Updated : 26 Apr 2022, 01:57 PM

কিন্তু কমিশনার শেফালী বেগম অভিযোগকে মিথ্যা হিসেবে অভিহিত করে তা নাকোচ করে দিয়েছেন।

চারঘাট থানার ওসি মোহাম্মদ শাহ্জাহানও তার কাছে কেউ কোন অভিযোগ করেনি বলে জানিয়েছেন।

কিন্তু শিল্পীর অভিভাবকরা দাবি করছেন, থানা পুলিশের কাছে অভিযোগ করেও তারা কোন প্রতিকার পাননি। শিল্পীর বড় বোন আনজেরা বেগমের অভিযোগ, আদালতে কমিশনারের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য শিল্পীর ওপর নির্যাতন চালানো হচ্ছে।

শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটান প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

আনজেরা বলেন, ২০০৪ সালের ১৮ আগস্ট ঢাকায় চাকরি দেওয়ার নাম করে শিল্পীকে নিয়ে যান শেফালী। কিন্তু কয়েক মাস পর শিল্পীর খোঁজ-খবর জানতে কমিশনারের কাছে গেলে তিনি কোন খোঁজ-খবর দিতে পারেননি।

কয়েক মাস পর আবারও শিল্পীর খোঁজে আনজেরা ও তার মা কমিশনারের কাছে গেলে তিনি বলেন, রাজা নামের এক ব্যক্তি শিল্পীকে ভারতে পাচার করে দিয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় সালিশও হয়।

এর পরিপ্রেক্ষিতে আনজেরা কমিশনার শেফালী ও রাজাকে আসামী করে ২০০৫ সালের ২৪ জুলাইয়ে আদালতে মামলা করেন। আদালত দু’জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে তারা জামিন নেন।

আনজেরা বলেন, মামলা দায়েরের পর থেকেই শেফালী ও তার লোকজন মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছেন। কিন্তু তারা শিল্পীকে ফেরত দিচ্ছেন না।

তিনি অভিযোগ করেন, মামলায় যাতে সাক্ষী দিতে না পারে সেজন্য শিল্পীকে শেফালী তার বাড়িতে আটকে রেখেছেন। ৬ জানুয়ারি তিনি (শেফালী) তাকে তার বাড়িতে নিয়ে আসেন।

তিনি আরও অভিযোগ করেন, কমিশনার প্রকাশ্যে চারঘাট বাজারে শিল্পীকে নিয়ে গিয়ে মারধর করেন ও আদালতে তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য চাপ দেন।

শিল্পী নামের কোন কিশোরীকে আটকে রাখার খবর জানেন না বলে জানিয়েছেন চারঘাট থানার ওসি মোহাম্মদ শাহ্জাহান। তিনি বলেন, এধরনের কোন অভিযোগ নিয়ে তার কাছে কেউ আসেনি।

শেফালী বলেছেন, অভিযোগ সম্পূর্ন মিথ্যা। মিথ্যা মামলায় তাকে ফাসানো হয়েছে বলেও তিনি দাবি করেন।