পঞ্চগড়ে রেডিও কিনতে ভিড়
বেসরকারি টেলিভিশনের সংবাদ প্রচার বন্ধ থাকায় পঞ্চগড়ে শুক্রবার দিনভর নতুন রেডিও কেনা ও পুরনো রেডিও মেরামতের হিড়িক ছিল। শহরের বিভিন্ন ইলেকট্রোনিক দোকান ও মেরামতের দোকানে ভিড় দেখা গেছে।
কয়েকজন ক্রেতা বলেন, “বেসরকারি টেলিভিশনের মাধ্যমে আমরা দেশের খবর জানতাম। কিন্তু হঠাৎ করে তাদের সংবাদ প্রচার বন্ধ হয়ে যাওয়ায় আমাদেরকে বিবিসি, ভয়েস অব আমেরিকাসহ বাংলাদেশ বেতারের ওপর নির্ভর করতে হবে। তাই রেডিও কিনছি।”
শুক্রবার বিকেলে বোদা উপজেলা সদরে এসে পাথরাজ এলাকার সফিউল ইসলাম একটি নতুন রেডিও কেনেন। তিনি বলেন, “দেশের অবস্থা ভাল না। খবর শোনার জন্যই রেডিও কিনেছি।”
পঞ্চগড় শহরের রুমি ইলেকট্রোনিক্সের মালিক আনোয়ার হোসেন রিপন জানান, ইতোমধ্যে ১০/১২টি রেডিও বিক্রি করেছেন। বৃহস্পতিবার বেসরকারি টিভির খবর প্রচার বন্ধের কথা শোনার পরপরই ৫০টি নতুন রেডিও কিনে আনেন তিনি।
সাউদিয়া ইলেকট্রোনিক্সের মালিক আজিজার রহমান জানান, অনেক লোক রেডিও খুঁজতে এসেছিলেন। দু’একটি বিক্রিও হয়েছে। তবে দামে না বনায় বিক্রি কিছুটা কম হয়েছে।
সুমন ইলেকট্রোনিক্সের মালিক জহিরুল ইসলাম জানান, “সকাল থেকে অনেক লোক রেডিও কিনতে এসেছেন। কিন্তু আমার দোকানে রেডিও না থাকায় বিক্রি করতে পারিনি।”
