২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার পদত্যাগ, জরুরি অবস্থা জারি

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ও দেশ বিদেশের প্রায় সব মহল থেকে উচ্চারিত দাবির প্রেক্ষাপটে শেষমেষ প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দিয়েছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। পাশাপাশি তিনি অচিরেই উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের পর স্বল্পতম সময়ের মধ্যে সব দলের অংশগ্রহণমূলক ও দেশে-বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকার করেছেন দেশবাসীর কাছে। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব ঘোষণার আগে তিনি সারা দেশে জরুরি অবস্থা জারি করেন। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীসহ সব মহানগর ও জেলা শহরে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সান্ধ্য আইন জারি করা হয়। ইয়াজউদ্দিনের প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেওয়ার প্রতিক্রিয়ায় শেখ হাসিনা বলেছেন, “ইয়াজউদ্দিন সাহেব বুঝলেন, তবে অনেক দেরিতে বুঝলেন। এরই মধ্যে দেশের অনেক ক্ষতি হয়ে গেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2007, 11:05 AM

Updated : 26 Apr 2022, 01:56 PM

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দিয়েছেন। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, দু এক দিনের মধ্যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হবে।

ভাষণে রাষ্ট্রপতি ২২ জানুয়ারির নির্বাচন পেছানোর সুস্পষ্ট ইঙ্গিত দিয়ে বলেন, সংবিধানের বাধ্যবাধকতা অনুযাযী একটি নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।

এদিকে রাষ্ট্র নিয়ন্ত্রিত বাংলাদেশ টেলিভিশন বঙ্গভবন সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, নয় উপদেষ্টা বৃহস্পতিবার রাতেই পদত্যাগ করেছেন এবং বিচারপতি ফজলুল হককে ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। নয় উপদেষ্টা জরুরী অবস্থা ঘোষণা জারির প্রতিবাদে পদত্যাগ করেছেন নাকি নতুন উপদেষ্টা পরিষদ গঠনের পথ সুগম করতে পদত্যাগ করেছেন তা পরিস্কার নয়।  

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি সারাদেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীসহ সব মহানগর ও জেলা শহরে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সান্ধ্য আইন জারি করা হয়।

জাতির উদ্দেশে দেয়া ১৪ মিনিটের ভাষণে এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, দেশে  শান্তি শৃঙ্খলা রক্ষা, অর্থনীতিকে সচল রাখার লক্ষ্যে জরুরি অবস্থা ঘোষণা করা ছাড়া কোনো উপায় ছিল না।

ভাষণে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন স্বীকার করেন ২৯ অক্টোবর তিনি প্রধান উপদেষ্টার পদ নেওয়ার পর বিতর্ক সৃষ্টি হয়।

তিনি বলেন, “এই বিতর্ক দেশ ও জাতিকে দুই ভাগে বিভক্ত করেছে। জাতিকে নিয়ে নিয়ে গেছে বিপরীতমুখী দুই ধারায়। এই বিতর্ক অবসানে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”   

রাষ্ট্রপতি বলেন , “দু একদিনের মধ্যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হবে। এর আগ পর্যন্ত জ্যেষ্ঠতম উপদেষ্টা ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টার দায়িত্ব  পালন করবেন। নতুন উপদেষ্টা পরিষদ গঠিত হওয়ার পর সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।”

মাত্র দুদিন আগেও সংবিধান রক্ষায় ২২ তারিখে নির্বাচন করায় অটল থাকার কথা বললেও ভাষণে ইয়াজউদ্দিন সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৩ নং ধারা উদ্ধৃত করে বলেন, “সংসদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে একটি নির্ভুল ভোটার তালিকা ছাড়া নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।”

তিনি বলেন, “নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শুরু হলে সেটি ত্র“টিযুক্ত ও প্রশ্নসাপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য নয়।”

বিদ্যমান পরিস্থিতিতে সবদলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন দেশে ও বিদেশে গ্রহণযোগ্য হবে না মন্তব্য করে ইয়াজউদ্দিন বলেন,  “এ অবস্থায় আমাদের সময়ের প্রয়োজন।”

ভাষণে তিনি বেশ কয়েকবার তিনি নির্বাচনে সব দলের অংশগ্রহণ ও দেশে--বিদেশে এর গ্রহণযোগ্যতার ওপর জোর দেন।

প্রধান দুই রাজনৈতিক জোটের সমালোচনা করে বলেন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তাদের অসহিষ্ণুতা ও বিরোধের কারণে সহিংসতা প্রকট আকার ধারণ করে।  দেশে কমবেশি সবাই এখন জানমালের নিরাপত্তাহীনতায় আক্রান্ত। রাষ্ট্রপতি বলেন এ অবস্থার অবসান প্রয়োজন।     

প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ হাসিনা নফহবংি২৪.পড়সকে বলেন, “ইয়াজউদ্দিন সাহেব বুঝলেন, কিন্তু অনেক পড়ে বুঝলেন। এই সময়ে দেশের অনেক ক্ষতি হয়ে গেল।”

হাসিনা বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্গঠনসহ পরবর্তী কার্যক্রম তারা পর্যবেক্ষণ করবেন। পরিস্থিতি পর্যালোচনা করতে আওয়ামী লীগের শীর্ষ নেতার শুক্রবার জরুরি বৈঠকে বসবেন।

জরুরি অবস্থা ঘোষণার পরপরই হাওয়া ভবনে বিএনপি চেয়ারপারসন দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। হাওয়া ভবনের একটি সূত্র জানায়, জরুরি অবস্থা জারির কারণে শুক্রবার দিনাজপুরে খালেদা জিয়ার নির্ধারিত সফর বাতিল করা হয়েছে।

দীর্ঘ ১৬ বছর পর রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে আবারো সান্ধ্য আইন জারি করা হলো। এরশাদের শাসনামলের শেষ দিকে ১৯৯০ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে সর্বশেষ সান্ধ্য আইন জারি করা হয়।

রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রজ্ঞাপনে বলা জানানো হয়, “যেহেতু রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে, দেশে জরুরি অবস্থা বিদ্যমান রয়েছে যাতে অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা জনগণের জানমালের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্ন ও বিপদের সম্মুখীন, সেহেতু জরুরি ক্ষমতা, বিধিমালা তথা গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৪১ ক (১), (২), (৩), ১৪১ খ, ১৪১ গ (১), (২), (৩) এর উপ অনুচ্ছেদ এর অধীনে সমগ্র বাংলাদেশের জন্য অদ্য ২৮ পৌষ ১৪১৩ বাং/১১ জানুয়ারি ২০০৭ ইং থেকে কার্যকরি করে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জরুরি ঘোষণা করা হয়েছে।

সান্ধ্য আইনের মধ্যে সংবাদ মাধ্যমসহ জরুরি সেবাখাতগুলো সচল থাকবে বলে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে হজযাত্রী, বিমান যাত্রী বহনকারী গাড়িও সান্ধ্য আইনের আওতার বাইরে থাকবে।

এদিকে বেসরকারি সব টিভি চ্যানেলগুলোকে নিজস্ব খবর প্রচার ও চলতি ঘটনাবলী বিষয়ক সব অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বেসরকারি টেলিভিশন চ্যানেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) রাত ৮টার দিকে সংবাদ প্রচারে বঙ্গভবনের এই নিষেধাজ্ঞার কথা জানান। এর পরই চ্যানেলগুলো খবর প্রচার বন্ধ করে দেয়।

চ্যানেল আই এর প্রধান বার্তা সম্পাদক শাহ আলমগীর নফহবংি২৪.পড়স এর কাছে মৌখিক এই আদেশ পাওয়ার কথা স্বীকার করেন। তবে লিখিত কিছু জানানো হয়নি।

সন্ধ্যা থেকেই নানা গুজবের শহরে পরিণত হয় রাজধানী। জরুরি অবস্থা জারির খবর ছড়িয়ে পড়ার পরপরই জনমনে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঢাকা থেকে রাত সাড়ে ১০টার পর দূরপাল্লার বিভিন্ন রুটের সব বাসের যাত্রা এবং বাসগুলোর অগ্রিম বিক্রি করা টিকিট বাতিল করা হয়।

এদিকে দ্রুত বাড়ি ফিরতে গিয়ে রাজধানীর বিভিন্ন রাস্তায় বিশাল যানজটের সৃষ্টি হয়। যে যার মতো যানবাহনের উঠার চেষ্টা চালান। এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করে নেন চালকরা। পর্যাপ্ত যানবাহনের অভাবে অনেককেই পায়ে হেঁটে গন্তব্যে রওনা হতে দেখা গেছে।

শ্যামলীতে ট্রাফিক সার্জেন্ট আবদুল কাদের যানজট দেখে ওয়ারল্যাসের মাধ্যমে সহকর্মীদের কাছ থেকে জানতে পারেন ঢাকা শহরের প্রায় সব জায়গাতেই একই অবস্থার কথা। তিনি  নফহবংি২৪.পড়স কে বলেন, বড় কিছু একটা ঘটতে যাচ্ছে এটা তিনি আঁচ করতে পারছেন। 

শুধু ঢাকাতেই নয়, সারাদেশেই মুহূর্তের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। উদ্বিগ্ন লোকজন বিভিন্ন সংবাদ মাধ্যম অফিসে ও স্বজনদের কাছে টেলিফোন করে জানতে চান পরিস্থিতি।   

এর আগে বঙ্গভবনে বিকেলে উপদেষ্টা পরিষদের ‘বিশেষ বৈঠক’ হওয়ার কথা থাকলেও সেটি বাতিল করা হয়। উপদেষ্টারা বৈঠকে যোগ দিতে বঙ্গভবনে গেলেও প্রায় পৌনে দুঘণ্টা অপেক্ষার পর তারা বেরিয়ে যান।

বৈঠক না হওয়ার বিষয়ে উপদেষ্টারা সাংবাদিকদের কাছে মুখ না খুললেও টেলিফোনে সুফিয়া রহমান নফহবংি২৪.পড়স--কে জানান, “প্রধান উপদেষ্টা বলেছেন রাতে আমাদের আবার ডাকা হবে।”  এর পরপরই রাষ্ট্র নিয়ন্ত্রিত  বাংলাদেশ টেলিভিশনে দেশে জরুরি অবস্থা জারির খবর প্রচার করা হয়।

দুপুর পৌনে তিনটায় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মঈন ইউ আহমেদ, নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল হাসান আলী খান ও বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম বঙ্গভবনে ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করেন। এ সময় সেনা সদস্যদের বহনকারী কমপক্ষে ৫০টি সাঁজোয়া যান বঙ্গভবনের চারপাশে অবস্থান নেয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কোন কথা না বলেই চলে যান।

সেনাসদর জানায়, রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানরা রুটিন বৈঠক করেছেন।

এর আগে সকালে বিডিআর, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর প্রধানদের সঙ্গে আইন--শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন রাষ্ট্রপতি।

দুপুরে কৃষি মন্ত্রণালয়ে নিজ দপ্তরে উপদেষ্টা সফিকুল হক চৌধুরী বলেন, বিকেলে বঙ্গভবনে ডাকা বিশেষ বৈঠকে “প্রধান উপদেষ্টা যদি আমাদের প্রস্তাব না মেনে ২২ জানুয়ারির নির্বাচনে অনড় থাকেন তবে সেখান থেকে বের হয়ে ১০ উপদেষ্টা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবেন।”

এর আগে দিনভর রাজনৈতিক সংকট সমাধানে জোর প্রচেষ্টা চালান কূটনীতিকরা।

ঢাকায় কর্মরত কুটনীতিবিদদের সংগঠন টিউয়েসডে গ্র“পের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে দুটি প্রতিনিধি দল আলাদা বৈঠক করে।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস, ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ডগলাস ফসকেট, জাপানের রাষ্ট্রদূত মাসাইয়ুকি ইনোউয়ি, জার্মান রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মেয়েক এবং ঢাকায় ইউরোপীয় প্রতিনিধিদলের প্রধান স্টিফেন ফ্রোয়েন উপস্থিত ছিলেন।

টিউয়েসডে গ্র“পের বর্তমান আহ্বায়ক কানাডীয় রাষ্ট্রদূত বারবারা রিচার্ডসনের বারিধারার বাড়িতে বিকেলে আওয়ামী লীগ ও এরপর বিএনপি প্রতিনিধি দল বৈঠক করে।

এর আগে বুধবার জাতিসংঘ বাংলাদেশে নির্বাচনে সবধরনের  সহায়তা বন্ধের ঘোষণা  দেয়। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানান।

বাংলাদেশে গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচনের পরিবেশ নেই এই অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ঢাকায় তাদের নির্বাচন পর্যবেক্ষণ স্থগিত করার কথা জানায়। আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা এনডিআইসহ কয়েকটি সংস্থা  বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে না জানিয়ে দেয়।

সারাদেশে আতঙ্ক

জরুরি অবস্থা ঘোষণার পর সারা দেশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আমাদের প্রতিনিধিরা জানান, সন্ধ্যার পরপরই জরুরি অবস্থা জারির ঘোষণা ছড়িয়ে পড়লে দ্রুত রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। ব্যস্ততম সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বাইরে বের হওয়া অনেক মানুষ পায়ে হেঁটেই ঘরে ফিরতে বাধ্য হন।

খুলনা প্রতিনিধি জানান, জরুরি অবস্থা জারির খবর নগরীতে ছড়িয়ে পড়লে রাত ৮টা থেকে শহরের রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে। রাত ৮টার পর সব রাজনৈতিক দলের কার্যালয় ফাঁকা হয়ে যায়। শঙ্খ ও পিকচার প্যালেস সিনেমা হল থেকে লোকজনকে বেরিয়ে আসতে দেখা যায়।

রাজশাহী প্রতিনিধি জানান, জরুরি অবস্থা ঘোষণার পর পরই নগরীর দোকানপাট বন্ধ করে দিয়ে ঘরে ফিরতে শুরু করেন সাধারণ মানুষ।

রাত ৮ টার দিকে মেট্রোপলিটন শহরগুলোতে রাত ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত সান্ধ্য আইন জারি করার খবর আসার পর আধাঘন্টার মধ্যেই ফাঁকা হতে শুরু করে নগরীর রাস্তাঘাট। বিএনপি ও আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সন্ধ্যা থেকে খবর জানতে নেতা--কর্মীদের ভীড় বাড়তে থাকলেও জরুরী অবস্থা জারির খবর জানার পর পরই কার্যালয় ফাঁকা হয়ে পড়ে।

মানুষের ঘরে ফেরার হুড়োহুড়ি পড়ে য্য়া। বাস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ড ও রিকশাস্ট্যন্ডে ঘরে ফেরার অপেক্ষায় নগরবাসীর ভীড় দেখা যায়। রাত ৯ টার পর পুরো নগরী নিস্তব্ধ হয়ে পড়ে।

নগরীতে সেনা ক্যাম্পগুলো থেকে অতিরিক্ত সেনাসদস্য বের না হলেও তাদের নিয়মিত টহল চলছে।

বরিশাল প্রতিনিধি জানান, বরিশালে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকযোগে রাত ১১ টার পর জনগণকে রাস্তার বাইরে না হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

রাত নয়টার পর নগরীর ব্যস্ততম সড়কগুলো ফাঁকা হয়ে পড়েছে। এমনকি টাউন হল লাগোয়া বিএনপি ও ছাত্রদল কার্যালয়ে প্রতিদিন গভীর রাত পর্যন্ত নির্বাচনী প্রচারিভান চললেও বৃহস্পতিবার রাত আটটার পরই তা পুরোপুরি ফাঁকা হয়ে যায়।     

বরিশাল সদর সড়কে রাতে সেনাবাহিনীর তিনটি গাড়ি টহল দিতে দেখা গিয়েছে।

সিলেট প্রতিনিধি জানান, আম্বরখান, জিন্দাবাজার, মীরা বাজার ও নয়াসড়কসহ ব্যস্ততম সড়কগুলো রাত নয়টার পরেই ফাঁকা হয়ে পড়ে।

বিকেল থেকে দরগাগ গেট, চৌহাট্টা এবং বিমান বন্দর সড়কে সেনা বাহিনীর গাড়ি টহল দিয়েছে।

আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে জরুরি অবস্থার ব্যাপারে কেও  কোন মন্তব্য করতে রাজি হননি।