আশংকাজনক হারে বাড়ছে শ্রমিক মৃত্যুর সংখ্যা
বিভিন্ন দুর্ঘটনা ও সহিংসতায় সারাদেশে শ্রমিক নিহত হওয়ার সংখ্যা আশংকাজনকভাবে বেড়ে গেছে। এক বছরের ব্যবধানে এ সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি।
এ ছাড়া দুর্ঘটনা সংগঠিত হওয়ার দিক থেকে ঢাকার বাইরে চট্টগ্রামই সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা।
বিভিন্ন জাতীয় সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিল্স) ‘কর্মস্থলে সহিংসতা ও দুর্ঘটনা চিত্র--২০০৬’ শীর্ষক এক সমীক্ষায় এরকম তথ্য বেরিয়ে এসেছে।
সমীক্ষায় দেখা যায়, ২০০৬ সালে সারাদেশে বিভিন্ন দুর্ঘটনা ও সহিংসতায় ৯৭৪ জন শ্রমিকের প্রাণহানি ঘটে। আহত হয় ৩ হাজার ৬৫০ শ্রমিক। এর মধ্যে কর্মস্থলে বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে নিহত হন ৮৪৫ জন এবং আহত হন ৩ হাজার ১৮ জন।
এর আগে ২০০৫ সালে প্রাণহানি ঘটে ৪৮০ জনের আর আহত হয় ৯৫০ জন। মাত্র এক বছরের ব্যবধানে শ্রমিকদের প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পেয়েছে শতকরা ১০৩ ভাগ। আর আহতের সংখ্যাও বেড়েছে ২৬৭ শতাংশ।
২০০৪ সালে নিহত ও আহত হওয়ার সংখ্যা ছিল ১৮৮ ও ২৫৯ জন। ২০০৩ সালে ২৫১ ও ৪৫৭ জন এবং ২০০২ এ ১৬৮ ও ৩৮৯ জন।
সমীক্ষায় দেখা যায়, দুর্ঘটনা ও সহিংসতার ঘটনার অধিকাংশই ঘটছে ঢাকায়। ঢাকার বাইরে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রামে। চট্টগ্রামে মোট ৩৭টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১০ জন শ্রমিক। রাজধানীতে এ সংখ্যা ১৪৭।
এ ছাড়া গতবছর ধর্ষণের শিকার হয়েছেন ৪৮ জন নারী শ্রমিক। যাদের মধ্যে অন্তত নয়জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আর এদের অধিকাংশই গার্মেন্টস শ্রমিক বলে ওই সমীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়। কাজ শেষে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তারা ধর্ষণ অথবা যৌন নিপীড়নের শিকার হন।
প্রতিবেদন অনুযায়ী আগের বছরগুলোতে যৌন নিপীড়নের শিকার নারী শ্রমিকের সংখ্যাও কম ছিল না। ২০০৫ সালে ধর্ষণের শিকার হন ৩৫ জন নারী শ্রমিক। যাদের মধ্যে সাতজনকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ছাড়া ২০০৪ সালে ৫৭ জন নারী শ্রমিক যৌন নিপীড়নের শিকার হন এবং ধর্ষণের পর হত্যা করা হয় ১০ জনকে। ২০০৩ সালে ৭৯ জন যৌন নিপীড়নের শিকার নারী শ্রমিকের মধ্যে ধর্ষণের পর পর হত্যা করা হয় ২০ জনকে।
বাংলাদেশ ইনস্টিউট অব লেবার স্টাডিজের (বিল্স) ওই সমীক্ষায় আরও দেখা যায়, নিহতের তালিকায় সবচেয়ে বেশি রয়েছেন সামুদ্রিক জেলেরা। দ্বিতীয় অবস্থানে গার্মেন্টস শ্রমিক। ফেব্র“য়ারিতে কেটিএস তৈরি পোশাক কারখানায় দুর্ঘটনায় ৬৫ জনের প্রাণহানিসহ এ খাতে সারা বছরে বিভিন্ন দুর্ঘটনা ও সহিংসতায় মোট নিহত হয়েছেন ১৪১ জন শ্রমিক, আহত হন এক হাজার ৫৭৮ জন।
এ ছাড়া বিভিন্ন দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক, গৃহপরিচারিকা, পরিবহন শ্রমিক, দোকান কর্মচারী নিহত হওয়ার সংখ্যাও নেহায়েত কম নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
