২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনির আখড়ায় হোটেল মালিক হত্যা

রাজধানীর শনির আখড়ায় চাঁদার দাবিতে বুধবার সকালে জহিরুল ইসলাম নামে এক হোটেল মালিককে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2007, 12:48 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

হত্যার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ গোফরান নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে।

এছাড়া খিলগাঁও থানা পুলিশ রামপুরা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, নিহত হোটেল মালিক জহিরুল ইসলাম শ্যামপুর থানা এলাকার দনিয়ার ৭৫৯ নাসিরউদ্দিন সড়কের বাসিন্দা। তিনি শনির আখড়ার ১৩২৩ জিয়া স্মরনী সড়কের বাপ্পি--রাব্বি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক ছিলেন। দেহের ছয়টি স্থানে গুলিবিদ্ধ অবস্থায় সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়।

হাসপাতালে নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রোজেন, মকসু, মিলন এবং গোফরান এর আগে জহিরুলের কাছে ১ লাঠ টাকা চাঁদা দাবি করেছিল। কিন্তু তিনি টাকা দিতে রাজি না হওয়ায় তারা সকাল ১০ টার দিকে রেস্টুরেন্টের সামনে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

এ ঘটনায় শ্যামপুর থানায় একটি মামলা হয়েছে।

যোগাযোগ করা হলে শ্যামপুর থানা পুলিশ জানায়, তারা অপর সন্দেহভাজনদের ধরার জন্য চেষ্টা চালাচ্ছেন।

এদিকে খিলগাঁও থানা পুলিশ রামপুরার উলন সড়ক থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে।

লাশের মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়।