২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে নৌকাডুবে ১ জনের মৃত্যু, নিখোঁজ ২

চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় মেঘনা-ডাকাতিয়া নদীর মিলনস্থলে বুধবার বেলা ১২টার দিকে লঞ্চের ধাক্কায় নৌকাডুবে একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও দুজন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 10:33 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

এ ঘটনায় আট নৌকারোহী আহত হন।

চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চ এমভি রফ রফ -এর ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর নৌ-বন্দর ও নৌ-পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, বেলা ১২টার দিকে এমভি রফ রফ লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাট থেকে যাত্রা শুরু করছিল। এ সময় ১৫ জন যাত্রী নৌকায় চড়ে লঞ্চের পেছনের দিক থেকে উঠতে গেলে ধাক্কায় সেটি উল্টে ডুবে যায়। দুর্ঘটনার পর রুহুল আমিন (৫২) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি শহরের পুরান বাজার এলাকায়।

এ ছাড়া ফাহাদ হাসান মেহেদী (৮) নামের একটি শিশু ও নৌকার মাঝি আব্দুল খালেক নিখোঁজ রয়েছে। এ ঘটনায় আহত এসএম হাফেজ (৪৫), রোজিনা (৩৫), আব্দুল লতিফ (২০), ইসমাইল (১৮), রাখিসহ (৫) অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

চাঁদপুর নৌ--বন্দরের কর্মকর্তা আলমগীর কবির বলেন, এ পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে ডুবুরীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।